গাজীপুর, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়া উপজেলার তালতলা গ্রামে শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
নিহত মোহন মিয়া (৪০) ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে।
আহত আক্তার (৪৫), মোতালেব (৪০), আউয়াল (৫০), সোহেল (২৫), বাদল (৩৮) ও আয়েশাকে (৩৫) নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. মিজানুর রহমান জানান, মোহন মিয়ার বাড়িতে যাওয়ার রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আওলাদের সঙ্গে বিরোধ চলে আসছিল। সকালে মোহনের বাড়ির লোকজন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোহন ঘটনাস্থলে এলে প্রতিপক্ষের লোকজন দা, কুড়াল ও লাঠিসোটা দিয়ে তাদের ওপর হামলা চালায়।
আহতদের হাসপাতালে নেওয়ার পথে মোহন মারা যান। মোহনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্থানীয় ইউনিয়ন বিএনপি সভাপতি আওলাদ হোসেনসহ কায়েকজনকে আসমি করে কাপাসিয়া থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২০ ঘ.
bdnews24