চট্টগ্রাম, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার করা হয়েছে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক এ কে এম সোহেলকে।
তাকে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকার একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
তিনি জানান, সোহেলের কাছ থেকে একটি ধারালো ছুরি, লোহার পাইপ ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে।
ওসি ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোহেলকে ছুরি ও মোবাইলসহ বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"
ক্যাম্পাসের রেলস্টেশন সংলগ্ন হিটলার প্যালেস ও আসমা কটেজে বসবাসরত শিক্ষার্থীরা অভিযোগ করে, গত বুধবার রাতে সোহেল ও তার সঙ্গী জাহিদুল ইসলাম জুয়েল তাদের মোবাইল ও টাকা ছিনতাই করেছে।
এ নিয়ে বৃহস্পতিবার হাটহাজারী থানায় একটি মামলাও করে তারা। ওই মামলায়ই সোহেলকে গ্রেপ্তার করা হলো।
অপর অভিযুক্ত জুয়েল ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক। শিক্ষক লাঞ্ছনার অভিযোগে গত মঙ্গলবার তাকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24