২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুর ও খুলনায় চার 'চরমপন্থী' গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে বৃহস্পতিবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। খুলনার রূপসা উপজেলা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি পাইপ গান ও বন্দুকের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 10:51 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

মেহেরপুর/খুলনা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের গাংনী উপজেলা থেকে বৃহস্পতিবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। খুলনার রূপসা উপজেলা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি পাইপ গান ও বন্দুকের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা জানান, মেহেরপুরে গ্রেপ্তার করা দুজন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল লাল পতাকা) সক্রিয় সদস্য। খুলনায় গ্রেপ্তার করা দুজন একই দলের জনযুদ্ধ গ্র"পের সদস্য। বুধবার রাতে রূপসা উপজেলার দেয়াড়া এলাকার অগ্রদূত স্কুল মাঠে পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছেন গ্র"পটির ওই অঞ্চলের নেতা রাহাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: মেহেরপুর: গ্রেপ্তার করা দুজন হলেন - গাংনী উপজেলার আমতৈল গ্রামের ফজর আলীর ছেলে শরিফুল ইসলাম শুকচাঁদ (২৮) এবং ষোলটাকা ইউনিয়নের কাস্টদাহ গ্রামের নাসির উদ্দিন মাস্টারের ছেলে মশিউর রহমান টিপু (৩১)। শুকচাঁদ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার এবং টিপু তার সহযোগী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) গাংনী ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) শেখ জাহিদুল ইসলাম। তিনি বলেন, "বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের মাঠে গোপন বৈঠক করার সময় র‌্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে।" গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, শুকচাঁদের বিরুদ্ধে গাংনী থানায় হত্যা, অপহরণ ও ডাকাতির মামলা রয়েছে। টিপু এলাকার জয়নাল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। খুলনা: র‌্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তার করা দুজন হলেন- মোস্তফা কামাল (২৭) ও শামীম খান (২৮)। বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় তাদেরকে মিল্কি দেয়াড়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. শামসুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কামাল ও শামীকে গ্রেপ্তার করে।" তিনি জানান, দুজনের দেওয়া তথ্য অনুযায়ী মিল্কি দেয়াড়া জামে মসজিদের পাশের রাস্তার কারভার্টের নিচ থেকে একটি পাইপ গান এবং বন্দুকের দুটি গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রূপসা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭০৭ ঘ.