২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে চিনি গুদামে বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের একটি চিনি গুদামে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ তিন শ্রমিক মারা গেছেন। ঘটনার ষষ্ঠ দিনেও ওই বিস্ফোরণের রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

নারায়ণগঞ্জ, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের একটি চিনি গুদামে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ তিন শ্রমিক মারা গেছেন। ঘটনার ষষ্ঠ দিনেও ওই বিস্ফোরণের রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় সোলেমান (৩০) এবং সাড়ে ৪টায় আলমগীর (৪০) রাজধানীর মগবাজার এলাকার বেসরকারি রাজিয়া ক্লিনিকে মারা গেছেন। আগের দিন ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুর (৪০) নামের আরেক শ্রমিক। এরা নিতাইগঞ্জে বিভিন্ন পণ্য ওঠানো নামানো এবং আনা নেওয়ার কাজ করে। গত শুক্রবার গভীর রাতে নিতাইগঞ্জের ব্যবসায়িক প্রতিষ্ঠান গোপীনাথ ভাণ্ডারের চিনি গুদামে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে সৃষ্ট আগুনে গুদামের ৪০টি চিনির বস্তা ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। দগ্ধ হন ওই তিন শ্রমিক। ঘটনার ছয় দিনেও চিনি গুদামে বিস্ফোরণে রহস্য উদঘাটন হয়নি। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পোড়া চিনির নমুনা ঢাকা বিস্ফোরক অধিদপ্তরে পাঠিয়েছি। "প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কি কারণে বিস্ফোরণ ঘটেছে এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।" তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি আকতার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২১১০ ঘ.