২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কাউকে বরখাস্ত করা হয়নি, পদত্যাগ করেছেন সিএফও'

প্রধান ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আরিফ-আল-ইসলামের পদত্যাগের সত্যতা স্বীকার করলেও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করার খবর বৃহস্পতিবার নাকচ করে দিয়েছে গ্রামীণ ফোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আরিফ-আল-ইসলামের পদত্যাগের সত্যতা স্বীকার করলেও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করার খবর বৃহস্পতিবার নাকচ করে দিয়েছে গ্রামীণ ফোন। বুধবার থেকে দেশের শীর্ষ এই মোবাইল ফোন পরিচালনাকারী প্রতিষ্ঠানটির তিন থেকে চারজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করার গুজব ছড়িয়ে পড়ে। গ্রামীণ ফোনের শেয়ার বাজার আসার প্রাক্কালে ছড়ানো এ গুজবের কেন্দ্রে ছিলেন প্রতিষ্ঠানটির চিফ কমিউনিকেশন্স অফিসার রুবাবা দৌলা। তবে বৃহস্পতিবার রুবাবার কাছে এ বিষয়ে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি পদত্যাগ করিনি।" জনসংযোগ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ তালাত কামালও 'বরখাস্তের' গুজব নাকচ করেন। তবে সিএফও আরিফের পদত্যাগ করার খবরটি নিশ্চিত করেন তিনি। কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরাও গুজবটি শুনেছি। তবে এটা সত্য নয়। তিনি (রুবাবা) অফিস করছেন। সকালে তার সঙ্গে আমার কথা হয়েছে। "আমাদের সিএফও আরিফ-আল-ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২৪ আগস্ট পদত্যাগ করেছেন।" করপোরেট অ্যাফেয়ার্স এর প্রধান রায়হান আহমেদ শামছি করপোরেট হাউজে ভারপ্রাপ্ত সিএফও হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও জানান কামাল। পুঁজিবাজারে গ্রামীণ ফোনের অন্তর্ভুক্তির প্রক্রিয়ার দায়িত্বে থাকা আরিফ-আল-ইসলাম শেয়ার ছাড়ার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পাওয়ার মাত্র চারদিন পর চাকরি ছাড়লেন। গ্রামীণ ফোন পুঁজিবাজারে প্রায় ৫০০ কোটি টাকার রেকর্ড আইপিও ছাড়ার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায় গত ২০ আগস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/আরএইচএন/এজে/এসকে/১৮৫৯ঘ.