২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে শিশুকে কুপিয়ে হত্যা, খুনী গ্রেপ্তার

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বুধবার রাতে দা দিয়ে কুপিয়ে আট মাস বয়সী ভাতিজিকে হত্যা করেছে এক ব্যক্তি। হামলায় তার বাবাও গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 11:21 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

বাগেরহাট, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের চিতলমারী উপজেলায় বুধবার রাতে দা দিয়ে কুপিয়ে আট মাস বয়সী ভাতিজিকে হত্যা করেছে এক ব্যক্তি। হামলায় তার বাবাও গুরুতর আহত হয়েছেন। উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের শ্যামপাড়া গ্রামে রাত ৯টার দিকে জালাল উদ্দিন মোল্লার (৪৭) ছেলে আমিনুল ইসলাম (২৩) এ ঘটনা ঘটায়। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমিনুল কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার বাবা জালাল উদ্দিন। নিহত শিশুর নাম আসপিয়া খাতুন ওরফে আফসানা। তার লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জালাল উদ্দিন বলেন, "পাঁচ বছর ধরে আমিনুল মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়িতে রয়েছে। সে সব সময় চুপ করে থাকত।" "বুধবার রাতে খেজুর খেয়ে দাঁত ব্যথা শুরু হলে আমিনুল ক্ষিপ্ত হয়ে ধারালো দা নিয়ে প্রথমে আমার মাথায় কোপ দেয়। এরপর বড় ছেলের মেয়ে আফসানাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে।" চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় আফসানার মা জান্নাত বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/এমএসবি/১৭৩৫ ঘ.