ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন যুবক এহসানুল ইসলাম সাদেকীকে যুক্তরাষ্ট্রের একটি আদালতের জুরি সন্ত্রাসবাদে সমর্থনের চারটি অভিযোগেই দোষী সাব্যস্ত করেছে।
২৩ বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে সন্ত্রাসবাদী এবং একটি বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থনসহ চারটি অভিযোগ তোলা হয়েছে।
২০০৬ সালের ১৭ এপ্রিল সাদেকীকে ঢাকায় গ্রেপ্তার করা হলে মার্কিন গোয়েন্দারা তাকে সেদেশে নিয়ে যান।
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬০ বছর পর্যন্ত কারাভোগ করতে হতে পারে সাদেকীকে।
সাদেকী সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত সংগঠন লস্কর-ই-তাইয়্যেবাসহ সন্ত্রাসবাদীদের গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদানের দায়ে অভিযুক্ত হয়েছেন। আগামী ১৫ অক্টোবর এর রায় হওয়ার কথা।
গত ৩ আগস্ট শুরু হওয়া বিচারে আদালতে উপস্থাপিত তথ্য অনুসারে সাদেকী ১৯৮৬ সালে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে জন্মগ্রহণ করেন। পড়ালেখা করেন কানাডা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের স্কুলে।
বিচারিক দলিলপত্রে বলা হয়েছে, সাদেকী ২০০১ সালে বাংলাদেশে বসবাসের সময় এক ই-মেইল বার্তায় জঙ্গি সংগঠন তালেবান-এ যোগদানের এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও জোটবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তাদের সাহায্যের আগ্রহ প্রকাশ করেন।
সরকারপক্ষের কৌঁসুলীরা জানান, এর কয়েক বছর পর তিনি জর্জিয়ার রসওয়েলের পারিবারিক বাড়িতে ফিরে সহিংস জিহাদে লিপ্ত সন্ত্রাসবাদীদের সহায়তার জন্য অন্যদের সঙ্গে ২০০৪ সালের শেষ এবং ২০০৫ সালের প্রথম দিকে একটি 'অবৈধ চুক্তিতে' আবদ্ধ হন।
কৌঁসুলীদের বিবৃতিতে বলা হয়েছে, "সাক্ষ্য-প্রমাণে দেখা যাচ্ছে, ওই সহায়তার মধ্যে ছিল সাদেকীর সহ-অভিযুক্ত (এ বছরের জুনে একটি বেঞ্চ ট্রায়ালে দোষী সাব্যস্ত) সৈয়দ হারিস আহমেদ ও আরো কয়েকজনের অংশগ্রহণ যারা যুক্তরাষ্ট্র ও এর বাইরে সহিংস জিহাদে যোগ দিতে আগ্রহী ছিল।"
সাক্ষ্য-প্রমাণে ইউএস ক্যাপিটল ও ওয়ার্ল্ড ব্যাংকসহ ওয়াশিংটন ডিসি এলাকায় সম্ভাব্য সন্ত্রাসী হামলার জন্য প্রতীকী ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুর ভিডিওচিত্র উপস্থাপন করা হয়। সাদেকী ও হারিস বিদেশে তাদের 'জিহাদি ভাইদের' পাঠানোর জন্য এসব ভিডিওচিত্র তুলেছিলেন।
বিচারে সাদেকী ও তার সহযোগীরা যে ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে এবং যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, পাকিস্তান, বসনিয়া ও অন্যান্য জায়গায় সহিংস জিহাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতেন সে বিষয়ে সরকার তথ্য-প্রমাণ উপস্থাপন করেছে।
আইনজীবীরা বলেন, "যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের বাইরে সহিংস জিহাদে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে সাদেকী ও তার সহযোগীরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার একটি আধা-সামরিক প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার লক্ষ্যে ২০০৫ সালের মার্চ মাসে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।"
সাদেকি ২০০৫ সালে বাংলাদেশের উদ্দেশে আটলান্টা ত্যাগের সময় ওয়াশিংটন ডিসির মানচিত্র সম্বলিত একটি সিডি তার স্যুটকেসে 'লুকিয়ে' নিয়ে যান বলেও বিচারে তথ্য-প্রমাণ উপস্থাপন করেছে সরকার পক্ষ। মামলার অভিযোগ সাদেকী ও হারিস ওয়াশিংটন ডিসির যেসব স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করতে চেয়েছিলেন সেগুলোর বিস্তারিত ছিল সিডিটিতে।
একবার বাংলাদেশে থাকার সময় সাদেকি ইউনিস তিসৌলি ও সার্বীয় বংশোদ্ভূত সুইডিশ নাগরিক মীরসাদ বেকতাসেভিচের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে শুরু করেন। তিসৌলি, বেকতাসেভিচ, সাদেকী ও অন্যরা মিলে গঠন করেন 'আল কায়েদা ইন নর্দার্ন ইউরোপ' নামের একটি সহিংস জিহাদী সংগঠন।
কৌসুুলীরা বলেছেন, সুইডেনকে ভিত্তি করে ইউরোপজুড়ে সন্ত্রাসী হামলা চালানোর লক্ষ্য ছিল সংগঠনটির। বিচারের সাক্ষ্য-প্রমাণ সূত্রে জানা গেছে, সাদেকী ২০০৫ সালের অক্টোবর মাসে বাংলাদেশ থেকে সুইডেনে যাওয়ার ভিসা যোগাড়ের চেষ্টা করেন।
২০০৫ সালের ১৯ অক্টোবর একটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ বিস্ফোরক ও আত্মঘাতী বেল্টসহ বসনিয়া-হার্জেগোভিনার সারায়েভোতে গ্রেপ্তার হন বেকতাসেভিচ। সন্ত্রাসবাদের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সেই থেকে সেখানকার কারাগারে বন্দি তিনি।
ওদিকে সাদেকীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন হারিস। এরপর ২০০৬ সালের মার্চ মাসে এফবিআই প্রতিনিধিদের জেরার সম্মুখীন হন হারিস। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ তদন্তে হারিসের সহায়তা নেওয়ার চেষ্টার এক পর্যায়ে এফবিআই বাংলাদেশে অবস্থানরত সাদেকীর সঙ্গে তার যোগাযোগ করার কথা টের পায়। তখন হারিস সাদেকীকে এফবিআইয়ের তদন্ত এবং যুক্তরাষ্ট্রে না আসার ব্যাপার সতর্ক করতে চেয়েছিল।
মার্কিন গোয়েন্দারা সাদেকীকে ২০০৬ সালের ২০ এপ্রিল বাংলাদেশ থেকে গ্রেপ্তার করে সেদেশে নিয়ে যান। বাংলাদেশ সরকার কয়েকদিন পর বিষয়টি নিশ্চিত করে। ২০০৫ সালের আগস্ট মাসে নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে এফবিআই প্রতিনিধিদের জেরায় মিথ্যা কথা বলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে সাদেকীকে নিউ ইয়র্কের আদালতে তোলা হয় এবং ২০০৬ এর আগস্টে তাকে আটলান্টায় স্থানান্তর করা হয়।
সাদা পোশাকধারী বাংলাদেশী পুলিশ সাদেকীকে ২০০৬ সালের ১৭ এপ্রিল বারিধারা ডিওএইচএস-এর কাছ থেকে গ্রেপ্তার করে এফবিআই'র কাছে হস্তান্তর করে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিচারের জন্যে পরে তাকে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হয়।
পুলিশ সাদিকীকে গ্রেপ্তারের পর তার বাবা সরদার মো. শরীফ একটি অপহরণ মামলা দায়ের করেছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও সাদিকী ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশের একটি ব্রিটিশ স্কুলে পড়ালেখা করেছেন।
তার পরিবার ১৯৮০ সাল থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএএইচ/এজে/এসকে/২৩২৯ঘ.
bdnews24