সাভার, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতি মাসের ৫-৭ তারিখের মধ্যে বেতন দেওয়াসহ ১৪ দফা দাবিতে সাভারের জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন।
পরে কারখানা কর্তৃপক্ষ অধিকাংশ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে।
ওসিন অ্যান্ড ডিজাইন বিডি লিমিটেড নামের কারখানারটি ব্যবস্থাপনা পরিচালক ডা. ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের সব দাবিই কমবেশি পূরণের আশ্বাস দিয়েছেন তারা।
তিনি জানান, কর্মরত অবস্থায় কোন শ্রমিক মারা গেলে তার পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ এক লাখ টাকা দিতে সম্মত হয়েছে। এছাড়া ঈদ বোনাস সব শ্রমিককে তিনশ' টাকা করে দেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, প্রায় দেড় হাজার শ্রমিক সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু করে। দুপুর ১২ টার দিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক ডা. ফজলুল হক ও বিজিএমইএ'র শ্রম বিষয়ক সাধারণ সম্পাদক মো. রফিক কারখানায় ছুটে আসেন।
তারা শ্রমিকদের সঙ্গে দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। আলোচনার পর কারখানা ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিকদের ১৪টির দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হল- প্রতি মাসের ৫-৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ, ছাঁটাই করা হলে শ্রমিককে ৪ মাস ১৩ দিনের বেতন-ভাতা প্রদান, চাকরির মেয়াদ ছয় মাস পূর্ণ হলে ঈদ বোনাস প্রদান, প্রতি বছর ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন সবেতন ছুটি প্রভৃতি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশৃঙ্খলা এড়াতে কারখানায় পুলিশ ছিল। কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার পর শ্রমিকরা চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২২ ঘ.
bdnews24