২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কওমী ও দৌলতপুর পাটকল অচিরেই চালু হচ্ছে

বন্ধ দুই পাট কল কওমী জুট মিল ও দৌলতপুর জুট মিল অচিরেই চালু হচ্ছে। সেই সঙ্গে আদমজী জুট মিলের একটি ইউনিট এ বছরই চালু হবে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রায়ত্ত এ পাটকলগুলো পুনরায় চালুর জন্য সংসদীয় কমিটি এর আগে মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ জানিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 09:01 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ দুই পাট কল কওমী জুট মিল ও দৌলতপুর জুট মিল অচিরেই চালু হচ্ছে। সেই সঙ্গে আদমজী জুট মিলের একটি ইউনিট এ বছরই চালু হবে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রায়ত্ত এ পাটকলগুলো পুনরায় চালুর জন্য সংসদীয় কমিটি এর আগে মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ জানিয়েছিল। সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, "মন্ত্রণালয় জানিয়েছে, কওমী ও দৌলতপুর জুট মিল যত শিগগির সম্ভব চালু হচ্ছে। "এছাড়া আদমজী জুট মিলের একটি ইউনিট এ বছরের মধ্যে চালু হবে।" বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০২ সালে ৩০ জুন এশিয়ার বৃহত্তম পাটকল আদমজী জুট মিল বন্ধ করে দেওয়া হয়। ওই কারখানার অধিকাংশ জায়গাটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) বুঝিয়ে দেওয়া হয়। সেখানে কয়েকটি পোশাক কারখানা ইতোমধ্যে চালু হয়েছে। আখতারুজ্জামান বলেন, "ওই সময় দেশের পাট শিল্প ধ্বংসের ষড়যন্ত্র হয়েছিল। বাংলাদেশে পাট কল বন্ধ করে দেওয়া হলেও একই সময়ে ভারতে নতুন নতুন পাট কল গড়ে উঠে।" সিরাজগঞ্জের কওমী জুট মিলে ২০০৭ সাল এবং খুলনার দৌলতপুর জুট মিলে ২০০২ সাল থেকে উৎপাদন বন্ধ। চলতি মৌসুমে পাট উৎপাদন ভালো হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাংসদ আখতারুজ্জামান বলেন, "এবার বিজেএমসি ২১০ কোটি টাকার পাট কিনেছে। এ পাট দিয়ে রাষ্ট্রায়াত্ত পাটকলগুলো লাভজনকভাবে পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়েছে।" বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) অধীনে দেশে মোট ২৭টি পাটকল রয়েছে। এর মধ্যে কওমী ও দৌলপুরসহ দুটি পুরোপুরি বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৫১৫ ঘ.