২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর রেফারেন্সের শুনানি চলছে

বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার সেনা আইনে করা যাবে কি না, সে মতামত চেয়ে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পরপরই এ শুনানি শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 04:03 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার সেনা আইনে করা যাবে কি না, সে মতামত চেয়ে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পরপরই এ শুনানি শুরু হয়। শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রেফারেন্সটি উপস্থাপন করেন। আদালতের নিযুক্ত ১০ এমিকাস কিউরিয়া এ শুনানিতে অংশ নেবেন। আদালতকে সহায়তার জন্য আপিল বিভাগ গত ১৯ আগস্ট ১০ সিনিয়র আইনজীবীকে এমিকাস কিউরিয়া নিয়োগ করে। আাদালত আগে জানিয়েছিল, কোনও রকম মুলতবি ছাড়াই রেফারেন্সটির শুনানি চলবে। এমিকাস কিউরিয়ারা হলেন- ড. কামাল হোসেন, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, রফিক-উল-হক, টি এইচ খান, আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, এ এফ হাসান আরিফ ও এ এফ এম মেসবাহউদ্দিন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ১৭ আগস্ট বিডিআর রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান। বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা রেফারেন্সে সে ব্যাপারে আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছে। আরো জানতে চাওয়া হয়েছে যদি সেনা আইনে না করা যায়, সেক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে জড়িতদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা। গত ২৭ জুলাই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিচার প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়। গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের পর ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জনকে হত্যা করে বিডিআর জওয়ানরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১০১০ ঘ.