ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুর ও জামালপুরসহ বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষ ঘর-বাড়ি ছেড়ে বেড়িবাঁধ, উঁচু সড়কসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। কোথাও কোথাও বন্ধ হয়েছে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
সোমবার নীলফামারীতে তিস্তার ডান তীররক্ষা বাঁধের সোয়া কিলোমিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ কারণে তিন গ্রামের সাত শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
বাঁধের ভাঙা অংশ দিয়ে পুরাতন ব্রহ্মপুত্রের পানি ঢুকে প্লাবিত হয়েছে শেরপুরের দু'টি উপজেলার আটটি ইউনিয়ন। জামালপুরের চার উপজেলার ১২টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে।
গাইবান্ধায় প্রায় ১৬ হাজার হেক্টর রোপা আমনসহ অন্যান্য ফসল পানির নিচে। বন্ধ হয়ে গেছে ৩১টি প্রাথমিক বিদ্যালয়।
সিরাজগঞ্জ ও ফরিদপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধির পাঠানো সংবাদ-
শেরপুর: শেরপুর সদর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সদরের পাঁচটি এবং শ্রীবরদী উপজেলার তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে।
ইউনিয়নগুলো হল- সদর উপজেলার চরপক্ষীমারী, কামারেরচর, বলাইরচর, চরমুচারিয়া ও বেতমারী-ঘুঘুরাকান্দি, শ্রীবরদী উপজেলার ঘড়িয়া কাজীর চর, ভেলুয়া ও কুড়িকাহনীয়া।
এছাড়া শেরপুর-জামালপুর সড়কের পোড়া দোকান এলাকায় রাস্তা তলিয়ে গেছে।
শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন জানান, পুরনো চরপক্ষীমারী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পুরনো ভাঙা অংশ দিয়ে ব্রহ্মপুত্রের পানি প্রবল বেগে ঢোকার ফলে সদর উপজেলার চুনিয়ারচর, ভাগলগড়, ৬ নম্বর চর, ডাকাতের গোপ, জঙ্গলদি, বেপারীপাড়া ও চর জঙ্গলদি গ্রামে গত দু'দিনে ১০১টি ঘরবাড়ির ভিটেমাটি ও বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এর ফলে সদর ও শ্রীবরদী উপজেলার বিস্তীর্ণ এলাকার পাকা আউশ, আমন বীজতলা, সদ্য রোপা আমন ধানের ক্ষেত ও সবজি বাগান তলিয়ে গেছে। বহু পরিবারের সদস্যরা বাঁধ, রাস্তা এবং বিভিন্ন খোলা জমিতে আশ্রয় নিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন জঙ্গলদি গ্রামের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল হান্নান জানান, ব্রহ্মপুত্রের পানি গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার বেড়েছে।
জামালপুর: জামালপুরের চার উপজেলার ১২টি ইউনিয়নের বন্যা কবলিত কয়েক হাজার মানুষ বিভিন্ন বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।
বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার (১৯ দশমিক ৫০ মিটার) ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পুরাতন ব্রহ্মপুত্রসহ জেলার বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আতাউর রহমান জানান, গত ২৪ ঘন্টায় পুরাতন ব্রহ্মপুত্রের পানি জামালপুর ফেরিঘাট পয়েন্টে ৪ সেন্টিমিটার বেড়েছে।
তিনি জানান, জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ ও মেলান্দহ উপজেলার প্লাবিত নিম্নাঞ্চলের ১২টি ইউনিয়নের পানিবন্দি কয়েক হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়ে বিভিন্ন বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।
পাউবো কর্মকর্তা জানান, বন্যার পাশাপাশি ইসলামপুর উপজেলার দুটি ইউনিয়নে যমুনায় তীব্র ভাঙন শুরু হয়েছে।
উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়দুর রহমান দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার এলাকার কুলকান্দি গ্রামে যুমনায় ভাঙন তীব্র হয়েছে। ইতোমধ্যে কুলকান্দি-মলমগঞ্জ বাজার সড়কের ৫০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে।
চাপাশী ইউনিয়নের চেয়ারম্যান হাশমত আলী জানান, তার এলাকার শসারিয়া গ্রামে যুমনার ভাঙন দেখা দিয়েছে।
তারা জানান, গত এক সপ্তাহে এ দুটি গ্রামের প্রায় পাঁচশ' একর জমি নদীগর্ভে চলে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুশ' পরিবার।
বাহাদুরাবাদ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, যমুনার ভাঙনের ফলে বাহাদুরাবাদ নৌ থানা ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। রোববার রাতে মালামাল মলমগঞ্জ মডেল কলেজের দ্বিতীয়তলায় সরিয়ে নেওয়া হয়েছে।
গাইবান্ধা: গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্রায় ১৬ হাজার হেক্টর রোপা আমনসহ অন্যান্য ফসল তলিয়ে গেছে। ৩১টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে।
পাউবো'র নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন জানান, করতোয়া নদীর পানি সোমবার বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তার পানি স্থিতিশীল রয়েছে।
কয়েকদিনের তুলনায় পানির চাপ কিছুটা কমে গেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সোমবার সকালে গোবিন্দগঞ্জের রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এলাকায় বেড়িবাঁধের তিনটি অংশ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্ল
bdnews24