সাভার, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের রাজফুলবাড়িয়ার ভড়ারী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকদের ওপর সোমবার হামলা হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, কারখানা মালিকের ভাড়াটে মাস্তানরা তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ২৫ শ্রমিক আহত হয়েছেন বলে তারা জানিয়েছেন।
স্কাইলার্ক নীট কম্পোজিট লিমিটেড নামের কারখানাটি কোনো ঘোষণা না দিয়ে রোববার সকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। প্রথম রোজায় কারখানাটি বন্ধ করে দেওয়ায় প্রায় পাঁচশ' শ্রমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
শ্রমিকরা জানান, কারখানাটি আবার চালু করার দাবিতে সোমবার সকাল ৯টার দিকে তারা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। সাড়ে ৯ টার দিকে মালিক পক্ষের ২০/২৫ জন ভাড়াটে মাস্তান শ্রমিকদের লক্ষ্য করে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে তারা হকিস্টিক, লোহার রড, গজারীর লাঠি নিয়ে শ্রমিকদের উপর হামলা চালায়।
আহত শ্রমিকদের মধ্যে আছেন- পারভিন, জীবন, সাদ্দাম, ফিরোজ, সাগর, মুন্না, সেলিম, হোসেন ও খোরশেদ।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
কারখানার শ্রমিক আরিফ, মোস্তফা, মিলন, রবিউল, ইলিয়াস, আল আমিন, মর্জিনা, শরিফা, শ্যামলী, লিপি, সেলিনা সাংবাদিকদের জানান, রোববার সকালে কারখানায় গিয়ে তারা প্রধান ফটকে তালা ঝুলতে দেখেন। ভেতরে ঢুকতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাদের জানান কাজ না থাকায় কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে।
তারা বলেন, সামনে ঈদ। এ অবস্থায় কারখানা বন্ধ করে দেওয়ায় তাদের চাকরি খুঁজতে হবে। এ সময় চাকরি পাওয়া অনিশ্চিত বলে তারা জানান।
আহত শ্রমিক ফিরোজ ও খোরশেদ জানান, কারখানার সামনে থেকে মাস্তানরা তাদের ধরে নিয়ে বেধড়ক মারধর করেছে।
ঘটনাস্থলে উপস্থিত সাভার থানার উপ-পরিদর্শক আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানায় কার্যাদেশ না থাকায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারাখানা বন্ধ করে দিয়েছে। শ্রমিকদের বকেয়া ২৩ দিনের বেতন-ভাতা সেপ্টেম্বরের ১৫ তারিখে পরিশোধ করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তিনি জানান, সোমবার সকালে শ্রমিকরা কারখানার সমানে এসে বিক্ষোভ শুরু করলে তারা ছুটে আসেন।
শ্রমিকদের উপর হামলার বিষয়ে এসআই তাহের বলেন, "সামান্য ইটপাটকেল নিক্ষেপ করেছিল। পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই হামলাকারীরা চলে যায়।"
এ বিষয়ে যোগযোগ করেও কারখানার কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৩ ঘ.
bdnews24