পাবনা, ২৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর ও সুজানগরে রোববার রাতে দুজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এরা চরমপন্থী দলের সদস্য ছিলেন। প্রতিপক্ষ গ্র"পের হাতে তারা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার দোগাছি চিথুলিয়া গ্রামের জামাল সরদারের ছেলে আব্দুস সালাম সরদার (২৫) ও সুজানগর উপজেলার তাতীবন্ধ গ্রামের আব্দুল মান্নানের ছেলে কামাল হোসেন (২৬)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিথুলিয়া গ্রামের সালাম সরদারকে রোববার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা বাড়ি থেকে ধরে নিয়ে যায়। সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে তার জবাই করা লাশ উদ্ধার করা হয়।
ওসি জানান, সালাম চরমপন্থী পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এম এল জনযুদ্ধ) ক্যাডার ছিলেন। তার বিরুদ্ধে সদর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
দলীয় কোন্দলে তিনি খুন হতে পারেন বলে ওসি জানান।
এছাড়া রোববার রাতে সুজানগর উপজেলার তাতীবন্ধ গ্রামের কামাল হোসেনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১১টায় জনারামচন্দ্রপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কামাল এলাকায় ছিচকে চোর হিসেবে পরিচিত ছিলেন।
তবে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, কামাল হোসেন চরমপন্থী দলের সদস্য ছিলেন। প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০১০ ঘ.
bdnews24