ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দামান দ্বীপপুঞ্জে আটকে পড়া ১৭৫ বাংলাদেশী দেশে ফিরেছেন। সোমবার দুপুরে কলকাতা পুলিশ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করেন।
বেনাপোল চেক পোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে কলকাতা রিজার্ভ পুলিশের দুই এসআই হরি নারায়ণ ও নাসিমা মূর্তি আটক ১৭৫ বাংলাদেশী নাগরিককে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সঞ্জয় কুমার বনিকের কাছে হস্তান্তর করেন।
পরে তাদের রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর অঞ্চলের বোর্ড মেম্বার অ্যাডভোকেট তোহিদুর রহমান ও পরিচালক মনোয়ারা বেগমের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি)'র ট্রেসিং ফিল্ড অফিসার শিরিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্দামানে আটকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইসিআরসি, বাংলাদেশ সার্বিক সহযোগিতা দিয়েছে। তবে তাদেরকে ফিরিয়ে আনার কাজটি সম্পন্ন করে রেড ক্রিসেন্ট সোসাইটি।
এক্ষেত্রে বাংলাদেশে কলকাতার উপদূতাবাসও ভূমিকা রেখেছে বলে জানান তিনি।
কাজের সন্ধানে দালালদের মাধ্যমে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া যাওয়ার পথে গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে মিয়ানমার ও বাংলাদেশের ৪৪৮ জন নাগরিককে থাইল্যান্ড নৌ সদস্যরা আটক করে। পরে তাদের ছয়টি নৌকায় তুলে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়।
এরপর নৌকাগুলো আন্দামান উপকূলে এসে পৌঁছলে ভারতীয় উপকূল রক্ষীরা তাদের উদ্ধার করে। নাগরিকত্ব যাচাই করে প্রথম দফায় ৪৯ জন বাংলাদেশীকে ফেরত পাঠানো হয়।
দ্বিতীয় দফায় আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ১৭৫ জন বাংলাদেশীকে নিয়ে যাত্রীবাহী জাহাজ এমভি আকবর বৃহস্পতিবার বিকেলে কলকাতায় পৌঁছায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/এফএফ/এমইউএস/এএল/এইচএ/১৭০০ ঘ.
bdnews24