মাগুরা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরায় হত্যার দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ১০ জনকে। যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহম্মেদ এ রায় দেন।
সরকারি কৌসুলি (এপিপি) মো. কামাল হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, ফাঁসির দণ্ডে দণ্ডিতরা হলেন- শালিখা উপজেলার হরিশপুর গ্রামের শামীম, আব্দুস ছালাম ও কামাল।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মো. বাকুয়ার, আব্দুল লতিফ, নুরু মিয়া, কালা শহিদ, দুখু মিয়া, আবুল কাশেম, আক্কাস আলী, বাবলু, শহিদুল ও আমিন।
কামলার হোসেন জানান, ২০০০ সালের ২৭ মে রাত ২টার সময় হরিশপুর গ্রামের ইলতুতমিশ (৩৫) উপজেলার কাজীপাড়া থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। রাতেই তাকে চিকিৎসার জন্যে যশোর হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার রাতেই ইলতুতমিশের ভাই আব্দুল মোতালেব মোল্যা শালিখা থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৭ ঘ.
bdnews24