ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণের জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ ।
সোমবার সকাল পৌনে ১০টায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি আনিসুল হক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির নিয়মিত বেঞ্চে এই আবেদন জানান।
আদালত এই আবেদন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে করার পরামর্শ দিয়েছে।
আদালতে আনিসুল হক বলেন, "আমি ইতোমধ্যে আবেদনটি করার জন্য চেম্বার বিচারপতির অনুমতি প্রার্থনা করেছি।"
আদালতের আদেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণের জন্য আবেদন জানিয়েছি। আবেদনটি চেম্বার বিচারপতির কাছে জানাতে পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। আজ (সোমবার) দুপুর ২টায় চেম্বার বিচারপতির কাছে এ আবেদন জানানো হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এইচএ/১২০০ঘ.
bdnews24