২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লু নিয়ে স্কুল বন্ধ করার পরিস্থিতি হয়নি: শিক্ষামন্ত্রী

সোয়াইন ফ্লু রোধে রাজধানীর দুটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 06:27 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোয়াইন ফ্লু রোধে রাজধানীর দুটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। স্কলাসটিকা ও সানবীম স্কুল বন্ধ করার আগে ওই প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সঙ্গে কোনও ধরনের আলোচনা করেনি বলেও তিনি জানান। দেশে সোয়াইন ফ্লু রোগীর সংখ্যা ইতোমধ্যে ১০০ ছাড়িয়েছে। স্কলাসটিকা ও সানবীম স্কুল কর্তৃপক্ষ শনিবার শিক্ষা প্রতিষ্ঠান দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। শিক্ষামন্ত্রী রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "শিক্ষা প্রতিষ্ঠান দুটি আমাদের কোনও ধরনের আলোচনা ছাড়াই স্কুল বন্ধ করে দিয়েছে। স্কুল বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি।" নাহিদ বলেন, "স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী গতকালও (শনিবার) বলেছেন, আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি।" কোনও শিক্ষা প্রতিষ্ঠানের কেউ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণ রোধে আমরা সার্বিক নজরদারি চালাব। শনিবার পর্যন্ত দেশে মোট ১০২ জন সোয়াইন ফ্লু রোগী পাওয়া গেছে বলে শনিবার জানান রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান। তিনি জানান, এদের মধ্যে তিনজনকে হাসপতালে ভর্তি করা হয়েছে। অন্যদের অবস্থা ভালোর দিকে। স্কলাসটিকার উপাধ্যক্ষ ফারহানা আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোয়াইন ফ্লু সতর্কতা হিসেবে রোববার থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত স্কলাসটিকা বন্ধ থাকবে।" স্কুল বন্ধের এ ঘোষণা বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের সংক্ষিপ্ত বার্তার (এসএমএস) মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের জানায়। তবে সোয়াইন ফ্লু'র কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি। আইইডিসিআরও জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনও পরামর্শ শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়নি। অধ্যাপক মাহমুদুর বলেন, "শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য বলা হয়নি। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে। "তবে কারও সর্দি-কাশি হলে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। আর শ্বাসকষ্ট হলে হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।" গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এইচ১এন১ নামের এ ভাইরাস ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। যত্রতত্র কফ, থুথু না ফেলা ও সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে আগামী কয়েকমাসে বিশ্বজুড়ে সোয়াইন ফ্লু'র ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, এ সময় আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বাড়বে। ভারতে এ রোগে এখন পর্যন্ত ২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে মৃতের সংখ্যা প্রায় দেড় হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১২৩৫ ঘ.