ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনের তৈরি পোশাক ও অন্যান্য ফ্যাশন সামগ্রী নিয়ে আগামী ২৪ আগস্ট নগরীতে ছয় দিনব্যাপী এক বাণিজ্যিক প্রদর্শনী শুরু করতে যাচ্ছে নারী উদ্যোক্তারা।
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওইদিন সকাল ১১টায় প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
প্রদর্শনীটির আয়োজক বাংলাদেশে পাকিস্তান হাই কমিশন এবং এর স্পন্সর করছে ব্যাংক আল ফালাহ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সেলর জুলফিকার ইউনাস সাংবাদিকদের বলেন, "বাণিজ্যিক প্রদর্শনীটি বায়ারদের (ক্রেতা) বাইরে না যেয়ে পাকিস্তান, ভারত ও চীনের তৈরি সর্বাধুনিক নকশার পোশাক ও অন্যান্য সামগ্রী কেনার সুযোগ করে দেবে।"
তিনি জানান, প্রদর্শনীতে ১২৫টি স্টল থাকবে। এর মধ্যে বাংলাদেশের ৯০টি, পাকিস্তানের ২১টি, ভারতের ১২টি এবং চীনের একটি।
প্রদর্শনীতে সেলাই ও সেলাইবিহীন এমব্রয়ডারি করা ও এমব্রয়ডারিবিহীন কাপড়, লেডিস, জেন্টস ও শিশুদের গার্মেন্ট সামগ্রী, শাড়ি, ফতুয়া, জুতা, লেডিস ব্যাগ, কার্পেট, জেমস ও জুয়েলারি সামগ্রী, কুশন, বালিশের কভার, মসলা, খাদ্যপণ্য সহ বিভিন্ন জিনিস বিক্রির জন্য থাকবে।
ক্রেতাদের জন্য সুন্দর ইফতারির ব্যবস্থা থাকবে বলেও জানান জুলফিকার।
এ নিয়ে ষষ্ঠ বারের মতো এমন প্রদর্শনীর আয়োজন করছে পাকিস্তান হাই কমিশন। ২০০৪ সালে প্রথম প্রদর্শনী হয়।
।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসএইচ/১১৪৪ ঘ.
bdnews24