খুলনা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার বিকেলে খুলনার কয়রা বাসস্ট্যান্ড এলাকায় এক বাস চালককে একজন জনপ্রতিনিধি এবং নসিমনের কয়েকজন শ্রমিক মারধর করার অভিযোগ ওঠে।
ধর্মঘটের কারণে খুলনা থেকে শরাফপুর, বারোয়াড়িয়া, চালনা, চুকনগর, পাইকগাছা, বেতবুনিয়া, কয়রা, সাতক্ষীরা, খুলনা-শাহপুর ভায়া নওয়াপাড়া এবং খুলনা-শাহপুর ভায়া ফুলতলা রুটে সকল ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এসব রুটের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
খুলনা বাস-মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘট আহ্বান করে।
তাদের তিন দফা দাবি হল- বাসচালক গফুর ও সহকারী রিপনকে মারধর করার বিচার, অবৈধ নছিমন-করিমন চলাচল বন্ধ এবং খুলনা-সাতক্ষীরা রুটে বিআরটিসি বাস চলাচল বন্ধ করা।
খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকেলে খুলনার সোনাডাঙ্গা থেকে কয়রার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস কয়রা বাস স্ট্যান্ডের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনকে সাইড দেওয়া নিয়ে দুই চালকের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে নছিমন আরোহী কয়রা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ নছিমন থেকে নেমে বাসচালক গফুরকে মারধর করেন। এরপর নছিমন-করিমনের কয়েকজন চালক মিলে গফুর ও সহকারী রিপনকে আরও মারধর করে।
আবুল কালাম আজাদ বলেন, বিকেলে খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে সমিতি ও শ্রমিক নেতারা বৈঠক করে শনিবার সকাল থেকে ধর্মঘটের কর্মসূচি দেন।
এ ব্যাপারে কয়রা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি কাউকে মারধর করেননি। বরং বাসের চালক ও সহকারী মিলে আব্দুর রশীদের ভাই আবুল হোসেনকে মারধর করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে আবুল হোসেনকে উদ্ধার করে এবং চালক ও সহকারীকে মারধর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১০ ঘ.
bdnews24