সাভার (ঢাকা), আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন-ভাতার দাবিতে শনিবার সকালে সাভারে একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এ কারণে আধা ঘণ্টা ঢাকা-আরিচা সড়কে গাড়ি চলাচল ব্যাহত হয়।
শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ও ঘেরাও করে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্বাস গ্র"পের প্রতিষ্ঠান 'ক্যাপিটাল গামের্ন্টস লিমিটেড' নামক ফ্যাক্টরির ৪ শতাধিক শ্রমিক জুন ও জুলাই মাসের বেতন-ভাতার দাবিতে সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কে উঠে আসে।
তিনি বলেন, "শ্রমিকরা সড়কে উঠে এলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে সোয়া ১০টার দিকে শ্রমিকরা রাস্তা ছাড়লে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।"
এদিকে রাস্তা থেকে উঠে শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বী মিয়া দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা ইউএনও কার্যালয় ছেড়ে পুনরায় কারখানায় ফিরে বিক্ষোভ করতে থাকে।
দুপুর ১টার দিকে ফ্যাক্টরি কর্তৃপক্ষ জুন মাসের বকেয়া বেতন-ভাতা রোববার দেওয়ার আশ্বাস দিয়ে ফ্যাক্টরি একদিনের ছুটি ঘোষণা করে।
পুলিশ কর্মকর্তা ইমাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কারখানার শ্রমিক মেহেরা, রুবি, আলেয়াসহ অনেক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্তৃপক্ষ বিভিন্ন সময় তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলেও তা করেনি। এজন্য তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তারা বাড়ি ভাড়া দিতে পারছেন না।
কারখানার ব্যবস্থাপক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বকেয়া দুই মাসের বেতন-ভাতার মধ্যে রোববার জুন মাসের বকেয়া বেতন-ভাতা প্রদান করা হবে। জুলাই মাসের বকেয়া বেতন-ভাতা ১০ সেপ্টেম্বও দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৪৯ ঘ.
bdnews24