চট্টগ্রাম, আগস্ট ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীতে সেতুর রেলিং ভেঙে শুক্রবার রাতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে।
দুর্ঘটনায় অনেক যাত্রী হতাহত হতে পারে বলে পুলিশ ও স্থানীয়রা আশংকা করছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত নয়টার দিকে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে হাটহাজারী সদর ইউনিয়নের ভাঙ্গার পোল এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে রেলিং ভেঙ্গে বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলো।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন রাত ১০ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। এখন পর্যন্ত হতাহত কাউকে উদ্ধার করা যায়নি।"
স্থানীয় একটি দৈনিকের সংবাদদাতা কেশব কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৪০ জনের মতো যাত্রী নিয়ে অনুকূল পরিবহনের একটি বাস খাগড়াছড়ির পথে সন্ধ্যায় চট্টগ্রাম ছেড়ে আসে। রাত নয়টার দিকে বাসটি ভাঙ্গার পুল পার হওয়ার সময় রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়।
কেশব কুমার জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে খাদটিতে পানির গভীরতা বেড়ে যাওয়ায় যাত্রীসহ বাসটি পানির নিচে তলিয়ে যায়। রাত পৌনে ১০ টা থেকে পুলিশ র্যাকার এর সাহায্যে গাড়িটি তোলার কাজ শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এসএইচ/এইচএ/২৩০০ ঘ.
bdnews24