শিহাবউদ্দিন কিসলু
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পক্ষে মত জানিয়ে এলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ বলেছেন, "এ বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও সরকারের নেই।"
বৃহস্পতিবার নিউ ইয়র্কে 'বাংলাদেশে সমকালীন রাজনীতি' শীর্ষক এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সাবেক সাংসদ আলাউদ্দিন বলেন, "তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির বিষয়ে কোনও সিদ্ধান্ত সরকারের নেই।"
এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, এটা তার 'ব্যক্তিগত মত'।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যর্থ হয়েছে মন্তব্য কওে সৈয়দ আশরাফ গত ১৮ আগস্ট বলেন, এ ব্যবস্থা থাকবে কি না তা নিয়ে এখনই আলোচনা হওয়া দরকার।
একই সঙ্গে তিনি এ বিষয়ে মতামত নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
তবে বৃহস্পতিবার নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে এ নিয়ে কোন এজেন্ডা তারা রাখতে চান না।
গত ২৮ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বর্তমান সরকারের আমলে প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করতে সাংসদদের প্রতি আহবান জানান।
একই ধরনের কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তও।
এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদসহ কয়েকজন সাংসদও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির প্রস্তাব করেন।
বিষয়টি আলোচনায় আসার পর এর বিরোধিতা করে আসছে প্রধান বিরোধী দল বিএনপি।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অভিযোগ, আওয়ামী লীগ নিজেদের তত্ত্বাবধানে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তন চায়।
আওয়ামী লীগ ও বিএনপিসহ প্রধান দলগুলোর আন্দোলনের মুখে স্বৈরশাসক এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে দেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়।
১৯৯৬ সালে আওয়ামী লীগসহ বিরোধী দলগুলোর দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিক ভিত্তি দিতে বাধ্য হয় তৎকালীন বিএনপি সরকার।
সময়ের পরিক্রমায় এখন আওয়ামী লীগ নেতারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ চাইলেও এক সময়ের বিরোধিতাকারী বিএনপি এখন তার পক্ষে দাঁড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এসএইচ/এমআই/১৭১৫ ঘ.
bdnews24