২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বরযাত্রীবাহী ট্রলার ডুবে ছয় শিশুসহ নিখোঁজ ৮

মাদারীপুরের শিবচর উপজেলায় বুধবার রাতে আড়িয়াল খাঁ নদীতে বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ছয় শিশুসহ আটক যাত্রী নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

মাদারীপুর, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের শিবচর উপজেলায় বুধবার রাতে আড়িয়াল খাঁ নদীতে বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ছয় শিশুসহ আটক যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীরা হলেন- উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের দেলোয়ার শেখের ছেলে কামরান (৭), নুরু মাদবরের মেয়ে বর্ষা (৭) ও বৃষ্টি (৫), মান্নান মাদবরের ছেলে হাসান (৮), টুকু ফরাজীর ছেলে মিজান (৮), বারেক ফরাজী(৮১), হান্নান মাদবরের মেয়ে সোমা (৫) এবং সামাদ শেখের ছেলে আলমগীর (৩৫)। বৃহস্পতিবার রাতে নিখোঁজদের উদ্ধারে ডুবুরি নামানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় পুলিশ ও লোকজন ট্রলার নিয়ে নদীতে তল্লাশি চালাচ্ছে। শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার চর মানাইর এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে খাড়াকান্দি এলাকার রহমান মাদবরের ছেলে নববধূকে নিয়ে বুধবার সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে হাজী শরীয়তুল্লাহ সেতুর পশ্চিম পাশে পুরাতন আড়িয়াল খাঁ ফেরি ঘাটের কাছে পৌঁছালে একটি বালুবোঝাই ট্রলার বরযাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। ওসি জানান, বরযাত্রীবাহী ট্রলারটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৪৫ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল বিশ্বাস জানান, পুলিশ ও স্থানীয় লোকজন চারটি ট্রলার নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। রাত সাড়ে দশটায় ওসি জলিল জানান, ঢাকা থেকে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ'র ১০ জনের ডুবুরি দল সাড়ে আটটা থেকে উদ্ধার কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪০ ঘ.