২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে দুটি ইউনিয়নে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

আগের দিন শ্রমিক বিক্ষোভের পর অপ্রীতিকর ঘটনা এড়াতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ও শালবাহান ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 12:01 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

পঞ্চগড়, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগের দিন শ্রমিক বিক্ষোভের পর অপ্রীতিকর ঘটনা এড়াতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ও শালবাহান ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুই ইউনিয়নে সকল প্রকার মিছিল-সমাবেশ নিষিদ্ধ থাকবে। সাধারণ পাথর শ্রমিক ও ড্রিল ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনকারীদের মধ্যে সংঘর্ষ এবং শ্রমিক বিক্ষোভের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয় বলে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্র নাথ সরকার জানান। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই ইউনিয়নের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি জানান, জেলা প্রশাসক বনমালী ভৌমিক বুধবার রাতে ১৪৪ ধারা জারি করেন। রাতেই মাইকিং করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবত থাকবে। বুধবার ড্রিল ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনবিরোধী শ্রমিক আন্দোলনের নেতা তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকুর মুক্তি এবং মেশিন দিয়ে ডাহুক নদী থেকে পাথর উত্তোলন বন্ধের দাবিতে সাধারণ শ্রমিকরা পঞ্চগড়-তেঁতুলিয়া সড়ক অবরোধ করে। এ সব দাবির সমর্থনে তারা ভজনপুর, বুড়াবুড়ি, মাগুড়মারি চৌরাস্তা, শালবাহান রোডসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। বিকেলে আদালত জামিন বহাল রেখে মুক্তারুল হককে মুক্তির আদেশ দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। সন্ধ্যায় ভজনপুরে সমাবেশ করে মুক্তারুল হক যে কোনে মূল্যে মেশিন দিয়ে পাথর উত্তোলন প্রতিহত করার ঘোষণা দেন। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নিবার্হী ম্যাজিস্ট্রেট শাহীন ইমরান ও মো. আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি সার্কেল) আব্দুস সালামের নেতৃত্বে পুলিশ বুধবার ডাহুক নদীতে স্থাপিত ২টি ড্রিল ড্রেজার মেশিন জব্দ করে। এ নিয়ে চারটি মেশিন জব্দ করা হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.