টাঙ্গাইল, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের করটিয়া অগ্রণী ব্যাংক শাখায় বুধবার রাতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা ব্যাংকের ভল্ট ভেঙে ৩৮ লাখ টাকা নিয়ে গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অগ্রণী ব্যাংক লিমিটেডের টাঙ্গাইলের উপ মহাব্যবস্থাপক আব্দুল কাইয়ুম।
তিনি জানান, রাতে দোতলা ভবনের দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ডাকাতরা ব্যাংকে প্রবেশ করে। তারা ড্রিল মেশিন দিয়ে ভল্ট ভেঙে ৩৮ লাখ ২ হাজার ৫শ' ২৪ টাকা নিয়ে পালিয়ে যায়।
ব্যাংক কর্মকর্তা জানান, সকালে ব্যাংক খোলার পর বিষয়টি জানতে পারেন তারা। ডাকাতরা একটি ড্রিল মেশিন, একটি হাতুড়ি ও দুটি চুম্বক খণ্ড ফেলে গেছে বলেও তিনি জানান।
তিনি জানান, ব্যাংকে কোনো নৈশপ্রহরী ছিল না। ডাকাতির ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭৪৮ ঘ.
bdnews24