২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা ক্যাম্প রাখার দাবিতে ৩ পার্বত্য জেলায় অবরোধ

পার্বত্য চট্টগ্রাম থেকে আংশিক সেনা প্রত্যাহার এবং সেনা ক্যাম্প গুটানোর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ চলছে। পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতাকারী পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ দিনব্যাপী এ কর্মসূচির ডাক দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 06:01 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

বান্দরবান/রাঙামাটি, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম থেকে আংশিক সেনা প্রত্যাহার এবং সেনা ক্যাম্প গুটানোর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ চলছে। পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতাকারী পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ দিনব্যাপী এ কর্মসূচির ডাক দেয়। সকাল থেকে বান্দরবান জেলা সদরে রিকশা ছাড়া অন্য কোনও গাড়ি চলছে না। দূরপাল্লার বাসগুলোও জেলা শহর ছেড়ে যায়নি। বান্দরবানের বিভিন্ন উপজেলা সদরেও গাড়ি চলছে না বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। রিকশামুক্ত রাঙামাটিতেও সকাল ৬টা থেকে কোনও গাড়িই চলছে না। অবরোধের সমর্থনে বিভিন্ন স্থানে পিকেটিং করছে বাঙালি ছাত্র পরিষদ। অবরোধের সমর্থনে মঙ্গলবার বিকেলে বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল করে বাঙালি ছাত্র পরিষদ। মিছিল শেষে সমাবেশে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে বাঙালিসহ সাধারণ নাগরিকদের নিরাপত্তার জন্য সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর ক্যাম্প রাখা প্রয়োজন। তা প্রত্যাহার করা চলবে না। ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে আগামী সেপ্টেম্বরের মধ্যে বেশ কয়েকটি অস্থায়ী সেনা ক্যাম্পসহ এক ব্রিগেড সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। পার্বত্যাঞ্চলে বসবাসরত বাঙালিদের বিরোধিতার মধ্যেই চলতি মাসে কয়েকটি ক্যাম্প গুটিয়ে নেওয়া হয়। সেনা প্রত্যাহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে গত ১৩ আগস্ট অ্যাডভোকেট তাজুল ইসলাম ও পার্বত্য এলাকায় বসবাসরত বদিউজ্জামান দুটি আবেদন করেন। এ আবেদনে গত ১৬ আগস্ট হাইকোর্ট সেনা ক্যাম্প প্রত্যাহার বুধবার পর্যন্ত স্থগিত রাখার আদেশ দেয়। তবে বুধবার ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্ট। এদিকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ক কমিটির আহ্বায়ক ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বুধবার বলেন, বর্তমান সরকারের আমলেই শান্তি চুক্তি বাস্তবায়ন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২০০ ঘ.