ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশ ভ্রমণের সময় গ্রাহকদের ইন্টারনেট সেবা দিতে ৩২ টি দেশের ৭৩ টি অপারেটরের সঙ্গে আন্তর্জাতিক জিপিআরএস রোমিং সেবা চালু করতে যাচ্ছে ওয়ারিদ।
বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হবে বলে বুধবার ওয়ারিদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, জিপিআরএস রোমিং সেবার আওতায় ওয়ারিদের গ্রাহকরা বিদেশ ভ্রমণের সময় ইন্টারনেট ব্যবহার উপযোগী মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপ এবং পিডিএ'র মাধ্যমে ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল আদান-প্রদান এবং ছবি ও গান ডাউনলোড করা ছাড়াও বিভিন্ন ধরনের অনলাইন সেবা পাবেন।
নতুন এই অফারের ফলে ওয়ারিদের গ্রাহকরা দেশের মতো বিদেশেও একই মানের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা উপভোগ করতে পারবেন।
ওয়ারিদ এর আগে ১২৬টি দেশে ২৪০টি রোমিং সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ভয়েস ও এসএমএস রোমিং সেবা চালু করেছে। নতুন জিপিআরএস রোমিং অফারের আওতায় গ্রাহকরা আগের সব সেবাও একইসঙ্গে উপভোগ করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/২৩৫৭ঘ.
bdnews24