সাতক্ষীরা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোমরা স্থল বন্দরকে খুব শিগগিরই পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান।
ভোমরা স্থল বন্দরে বুধবার সন্ধ্যায় প্রশাসন, কাস্টমস ও বন্দর ব্যবহারকারীদের এক সভায় তিনি বলেন, "২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সেবছরই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার তা বাস্তবায়ন করেনি।"
ভোমরাকে সম্ভাবনাময় বন্দর উল্লেখ করে মন্ত্রী বলেন, "এর উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে।"
এ বন্দর উন্নয়নে জমি অধিগ্রহণ এবং ওয়্যার হাউজ নির্মাণে সরকারের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
খুলনা বিভাগীয় কাস্টমস কমিশনার মো.নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাংসদ শেখ মুজিবর রহমান, এমএ জব্বার, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/১০৪৭ ঘ.
bdnews24