২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁওয়ে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

রাজধানীর আগারগাঁওয়ে বুধবার ভোরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। এদিকে মোহাম্মদপুরে সন্দেহভাজন তিন ছিনতাইকারী আহত হয়েছে র‌্যাবের গুলিতে। 'বন্দুকযুদ্ধে' নিহত রফিকুল ইসলাম পাংকু (৩২) সন্ত্রাসী বলে দাবি করছে র‌্যাব। তাকে ভোররাতে রামপুরার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 06:16 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে বুধবার ভোরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। এদিকে মোহাম্মদপুরে সন্দেহভাজন তিন ছিনতাইকারী আহত হয়েছে র‌্যাবের গুলিতে। 'বন্দুকযুদ্ধে' নিহত রফিকুল ইসলাম পাংকু (৩২) সন্ত্রাসী বলে দাবি করছে র‌্যাব। তাকে ভোররাতে রামপুরার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-২ এর কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার তালেবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাবের একটি দল রাত ৩টার দিকে বনশ্রী এলাকা থেকে পাংকুকে গ্রেপ্তার করে। তিনি বলেন, "এরপর তার (রফিকুল) স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য ভোর ৪টার দিকে আগারগাঁও সঙ্গীত কলেজের সামনে গেলে পাংকুর সহযোগীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়।" বেশ কিছুক্ষণ গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায় জানিয়ে র‌্যাব কর্মকর্তা তারেবুর বলেন, "এরপর গুলিবিদ্ধ অবস্থায় পাংকুকে উদ্ধার করা হয়। তাকে প্রথমে পঙ্গু হাসপাতাল এবং পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে (সোহরাওয়ার্দী) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।" গোলাগুলিতে র‌্যাব সদস্য কনস্টেবল ইকবাল আহমেদ আহত হন বলে তালেবুর রহমান জানান। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। তালেবুর বলেন, রফিকুলের বিরুদ্ধে হত্যার অভিযোগে দুটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। র‌্যাবের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে দাবি করে দেশ ও বিদেশের মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র সমালোচনা করে আসছে। র‌্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে কিনা- এ প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু কয়েকদিন আগে সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা তদন্ত করা হবে। তবে 'ক্রসফায়ার' বা 'এনকাউন্টার'কে পরোক্ষ সমর্থন দিয়ে তিনি বলেছিলেন, "কোনও সন্ত্রাসী কাউকে অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। যাকে আক্রমণ করা হয়েছে তার হাতে লাঠি আছে। এমন পরিস্থিতিতে সে কি লাঠি ফেলে পালাবে?" মোহাম্মদপুরের আওরঙ্গজেব সড়কে রাত সাড়ে ৩টার দিকে র‌্যাবের গুলিতে আহত হয় তিন ছিনতাইকারী। র‌্যাব কর্মকর্তা তালেবুুর বলেন, "র‌্যাবের একটি দল আওরঙ্গজেব রোডে কয়েকজন ছিনতাইকারীকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় র‌্যাব তাদের লক্ষ করে গুলি চালালে তিনজন আহত হয়।" ঘটনাস্থল থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে তালেবুর জানান। গুলিবিদ্ধ তিনজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/এমআই/১২২০ ঘ.