সিলেট, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর লালবাজার, কাজিরবাজার ও বন্দরবাজার এলাকায় মঙ্গলবার ভেজালবিরোধী অভিযান চালিয়ে আটটি প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ খারাবী ও মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে দুপুরে এ অভিযান পরিচালনা করে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা- বিএসটিআই।
বিএসটিআই'র সহকারী পরিচালক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নানা অনিয়মের দায়ে আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। এ প্রতিষ্ঠানগুলোকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।"
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী বিক্রি, ওজনে কম দেওয়া, নোংরা পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন এবং বিএসটিআই এর সার্টিফিকেট সংরক্ষণ না করায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর মধ্যে লালবাজার এলাকার আমিন মিয়ার মাংসের দোকানকে ৩ হাজার টাকা, আশিক মিয়ার মাংসের দোকানকে ৫ হাজার টাকা ও জব্বার মিয়ার মাংসের দোকানকে ৮ হাজার টাকা, লাভলী হোটেল অ্যান্ড রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বন্দরবাজার এলাকায় বনফুল অ্যান্ড কোম্পানিকে ৩ হাজার টাকা, নিউ আমিন জুয়েলার্সকে ৫ হাজার টাকা এবং কাজিরবাজার এলাকার জনপ্রিয় মাংসের দোকানকে ৫ হাজার টাকা ও স্বাদ বেকারী কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভেজালবিরোধী অভিযানে বিএসটিআই'র সহকারী পরিচালক রেজাউল করিম, তালাত মাহমুদ, মাঠ কর্মকর্তা মো. মোস্তফা, র্যাব-৯ এর সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) রবিউল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোজাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৭ ঘ.
bdnews24