ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর থেকে ঢাকা আসার পথে সোমবার রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন।
দুর্ঘটনায় মন্ত্রী সামান্য আহত হন। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গাড়ির কাচ ভেঙে মন্ত্রীর কপালে আঘাত লাগে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা এ এইচ এম ফুয়াদ।
ফরিদপুর থেকে ঢাকা আসার পথে রাত পৌনে ১০টার দিকে ধামরাইয়ের কালামপুরে পাশ থেকে আসা একটি ট্রাককে এড়াতে গিয়ে আরেকটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়।
খন্দকার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের শ্বশুর।
ব্যক্তিগত কর্মকর্তা ফুয়াদ বলেন, মন্ত্রীর গাড়ি কালামপুর অতিক্রম করার সময় প্রধান সড়কের পাশ দিয়ে হঠাৎ বাতি ছাড়া একটি ট্রাক বেরিয়ে আসে। শেষ মূহুর্তে সেটিকে পাশ কাটাতে গিয়ে আরেকটি ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে গাড়ির ডানপাশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় কাচ ভেঙে মন্ত্রীর কপালে আঘাত লাগে। তার সফরসঙ্গীরাও সামান্য আহত হন।
আচমকা এসে পড়া ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে গেলেও তাকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আলমগীর হোসেন।
অন্য একটি গাড়িতে করে মন্ত্রীকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন তার আরেক ব্যক্তিগত কর্মকর্তা সত্যজিৎ ঘোষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/এসকে/২৩৩৫ঘ.
bdnews24