২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় খাদ্যে বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরে শনিবার রাতে খাদ্যে বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 12:43 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

কুমিল্লা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরে শনিবার রাতে খাদ্যে বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজন হলেন- একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি তোফায়েল আহম্মদ (৩২), চৌদ্দগ্রাম মহিলা মাদ্রাসার শিক্ষক মাহবুবুর রহমান (৩৬), মেডিকেল টেকনিশিয়ান স্বপন মজুমদার (৪০)। উপজেলার মানকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলামকে (৩৩) আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চৌদ্দগ্রাম সদরের সোনালী ব্যাংকের পিছনে একটি মেসে ভাড়া থাকতেন এ চারজন। শনিবার দুপুরের খাবার খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে পড়েন। তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে প্রথমে তাদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে তোফায়েল আহাম্মেদ ও মাহবুবুর রহমান মারা যান। ঢাকা নেওয়ার পথে মারা যান স্বপন মজুমদার। ওসি আবু ছালাম বলেন, ''খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'' লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তারা পেট ব্যাথা ও বমির সমস্যায় ভুগছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৫০ ঘ.