ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের দুর্ভোগ লাঘবে আসন্ন রমজান মাসে শুক্র ও শনিবার দোকানপাট রাত আটটার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ একথা জানান।
তিনি জানান, সভায় প্রধানমন্ত্রী বলেছেন, "জনগণের দুর্ভোগ লাঘবের জন্য রমজান মাসে শুক্র ও শনিবার রাত ১০ টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। আর অন্য ৫ দিন আগের মতোই রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।"
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে দোকানপাট রাত আটটা পর্যন্ত খোলা রাখা হয়।
প্রেস সেক্রেটারি বলেন, "সংসদ সদস্যদের বকেয়া টেলিফোন বিল সংক্রান্ত প্রতিবেদন আগে মন্ত্রিসভার বৈঠকে নিয়েমিতভাবে দেওয়া হত। আজকের (সোমবার) বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এ প্রতিবেদন এখন থেকে আর নিয়মিতভাবে মন্ত্রিসভার বৈঠকে দিতে হবেনা।"
এ বিষয়ে তিনি আরও জানান, ২০০১ সাল পর্যন্ত ১শ' ৯৯ জন সংসদ সদস্যের কাছে টেলিফোন বিল বকেয়া ছিল ৯ কোটি ১২ লাখ ৪৮ হাজার ১০৮ টাকা। বর্তমানে সেটি কমে ১শ' ৩৫ জন সংসদ সদস্যের কাছে টেলিফোন বিল বকেয়া রয়েছে ১ কোটি ৬০ লাখ ৮৮ হাজার ৫৮৭ টাকা। অর্থাৎ, দেখা যাচ্ছে বকেয়া বিল আদায়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। মন্ত্রিসভায় প্রতিবেদন জমা দেওয়া একটি বাড়তি কাজ। এজন্য নিয়মিতভাবে এখন আর প্রতিবেদন পেশ করতে হবেনা।
আবুল কালাম আজাদ বলেন, প্রস্তাবিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আইন ২০০৯ বৈঠকে অনুমোদিত হয়েছে। এ আইনের আওতায় ৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রী এ পরিষদের সভাপতি হবেন। এর মেয়াদ হবে ৩ বছর। আর প্রতি বছর এ উপদেষ্টা পরিষদকে অন্তত একটি করে সভা করতে হবে। আর সংসদে পাশের পর এ আইন বলবৎ হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রেস সেক্রেটারি জানান, বৈঠকে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিব মো. আব্দুল আজিজ একটি শোক প্রস্তাব পড়ে শোনান।এছাড়া জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এইচএ/১৪১৫ ঘ.
bdnews24