কক্সবাজার, আগষ্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রা শুরু করেছে পুলিশের স্বতন্ত্র ইউনিট 'ট্যুরিস্ট পুলিশ'।
রোববার বিকেলে পুলিশের মহাপরিদর্শক নুর মোহাম্মদ আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের উদ্বোধন করেন।
৮২ জন পুলিশ সদস্য নিয়ে গড়ে তোলা হয়েছে ট্যুরিস্ট পুলিশের প্রাথমিক ইউনিট। কক্সবাজার সমুদ্র সৈকতে কাজ করবেন তারা। তবে এখন ১৪ জন সদস্য কাজ শুরু করেছেন। অন্যরা ঈদের আগে যোগ দেবেন।
ট্যুরিস্ট পুলিশের উদ্বোধন শেষে মহাপরিদর্শক নূর মোহাম্মদ গণমাধ্যম প্রতিনিধিদের বলেন, "কক্সবাজারে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য সাধারণ পুলিশের বাইরে ডেডিকেটেড পুলিশ হিসেবে কাজ করবে ট্যুরিস্ট পুলিশ।"
নূর মোহাম্মদ বলেন, আপাতত ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার থেকে ইনানি ও টেকনাফ পর্যন্ত কাজ করবে। কক্সবাজারের পুলিশ সুপারিনটেনডেন্টের অধীনে তারা কাজ করবে। পরে একটি ট্যুরিস্ট পুলিশ অথরিটি গড়ে তোলা হবে। এদের পোশাকও ভিন্ন করার চিন্তা রয়েছে।
পুলিশ মহাপরিদর্শক জানান, ট্যুরিস্ট পুলিশের জন্য ১৫৯ সদস্যের প্রস্তাব ছিলো। কিন্তু সরকার ৮২ জনের মঞ্জুরি দিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের উপ-মহাপরিদর্শক আসাদুজ্জামান মিয়া, কক্সবাজারের পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আহমদ হোছাইন বক্তব্য দেন।
সুপারিনটেনডেন্ট সাখাওয়াত হোসেন জানান, প্রাথমিক ১৪ সদস্যের মধ্যে একজন পরিদর্শক, ৭ জন উপ-পরিদর্শক, একজন মহিলা সদস্য ও ৫ হাবিলদার।
ট্যুরিস্ট পুলিশ আপাতত সৈকত পুলিশ ফাঁড়ির কার্যালয় থেকে তাদের কার্যক্রম চালাবে। এর প্রধান কার্যালয়ের জন্য জমি খোঁজা হচ্ছে। প্রাথমিকভাবে হিমছড়ি এলাকায় পাঁচ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
পর্যটন নগরী কক্সবাজারে আসা লাখ লাখ দেশী-বিদেশী পর্যটকের নিরাপত্তার দায়িত্বে এতদিন ছিল সাধারণ পুলিশের একটি ইউনিট সৈকত পুলিশ ফাঁড়ি। ওই ফাঁড়ির মাধ্যমে পর্যটকদের যথাযথ নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছিলো না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২২৫৪ঘ.
bdnews24