খাগড়াছড়ি, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি এবং পানছড়ি উপজেলার নালকাটার অস্থায়ী সেনা ক্যাম্প দুটি প্রত্যাহার করা হয়েছে।
রোববার সকাল থেকে সেনা ক্যাম্প দুটির সদস্যরা তাদের ছাউনি ভেঙে নিজ নিজ জোনের অধীন ব্যারাকে ফিরে যায়।
পার্বত্য চট্টগ্রামে চলমান সেনা প্রত্যাহারের অংশ হিসেবে এ পর্যন্ত খাগড়াছড়ি থেকে ৮ টি সেনা ক্যাম্প সম্পূর্ণ প্রত্যাহার করা হলো। আরো পাঁচটি ক্যাম্প প্রত্যাহারের কাজ চলছে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাইল্যাছড়ি অস্থায়ী সেনা ক্যাম্প এবং পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের শেখ নালকাটা ক্যাম্প বুঝে নেন। বাইল্যাছড়ি ক্যাম্পে ৩৫ জন এবং নালকাটা ক্যাম্পে ৪০ জন সেনা সদস্য ছিলেন।
নিরাপত্তার কারণে ক্যাম্প দুটিতে আপাতত পুলিশ থাকবে।
মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাইল্যাছড়ি এলাকার ১০ টি গ্রামের নিরাপত্তার জন্য ১৯৮৬ সালে বাইল্যাছড়ি অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের শেখ বলেছেন, নালকাটা ক্যাম্পটি প্রত্যাহারের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোন সম্ভাবনা নেই।
জেলা প্রশাসক মোঃ আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী খাগড়াছড়ি অঞ্চলের বাকি অস্থায়ী সেনা ক্যাম্পগুলো ২২ আগস্টের মধ্যে প্রত্যাহারের কথা রয়েছে।
জেলা প্রশাসক বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। গুচ্ছগ্রামের বাসিন্দা বাঙালিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার আগামী বুধবার পর্যন্ত স্থগিত রাখতে রোববার এক নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেনা প্রত্যাহারে নিষেধাজ্ঞা চেয়ে করা দুটি আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবির পাশাপাশি ওই সময় পর্যন্ত ক্যাম্প প্রত্যাহারের ওপর এ স্থগিতাদেশ দেওয়া হয়।
শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে স
bdnews24