ঢাকা আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে রোববার সকালে একটি বহুতল ভবনের পাঁচতলা থেকে বাইরে লাফিয়ে পড়ে আবদুল্লাহ ওয়াসে ইমাম (৬৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
নিহত আবদুল্লাহ ১৯৬২ সালে জগন্নাথ কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন।
পারিবারিক বিরোধের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৯টার দিকে স্বামীবাগের ৬৯ নম্বর এপার্টমেন্ট ভবনের ৫ তলা থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন। ভবনের একটি ফ্ল্যাটে তিনি একাই থাকতেন।
নিহতের ভাই আবদুল্লাহ মাসুদ ইমাম জানান, তার ভাই ব্রিটিশ পাসপোর্টধারী। ১৯৬৩ সালে তিনি দেশের বাইরে চলে যান। পরে ফিনল্যান্ডের এক নারীকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে রয়েছে। ২০০৪ সালে তার ভাই দেশে ফিরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
আবদুল্লাহ মাসুদ আরো জানান, তার ভাবী ও ভাতিজি দেশে এলেও পারিবারিক বিরোধের কারণে তারা ফিরে যান। এরপর থেকেই তিনি চরম হতাশায় ভুগছিলেন।
ছাত্র ইউনিয়ন নেতা হিসেবে আবদুল্লাহ আইয়ূব বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এইচএ/২০০০ ঘ.
bdnews24