চট্টগ্রাম, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে নাশকতার আশঙ্কায় শনিবার রাতে আকষ্মিক তল্লাশি চালিয়েছে পুলিশ।
তবে অভিযানে কাউকে আটক করা হয়নি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ তল্লাশি অভিযান চালানো হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (গোয়েন্দা) ওয়াহিদুল হক চৌধুরী।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা জানান, ১৫ আগস্টকে ঘিরে নগরীতে বোমা হামলার মতো নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
ওয়াহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত পৌনে ১২টা থেকে ১টা পর্যন্ত নগরীর ৩৫টি স্থানে তল্লাশি চালানো হয়। নিরাপত্তা চৌকি বসিয়ে যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশি করা হয়।"
"কেন্দ্রীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ তল্লাশি চালানো হয়", বলেন তিনি।
তল্লাশিকালে কারও কাছে অবৈধ কোনও কিছু বা অস্ত্র পাওয়া যায়নি বলে ওয়াহিদুল জানান।
অভিযানের পরও বন্দর নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমইউএস/এমআই/১৪১৮ ঘ.
bdnews24