কুড়িগ্রাম, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জের ধরে কুড়িগ্রাম সদর উপজেলার কাচিরচর গ্রামে শনিবার সকালে দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১৫ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাচিরচর গ্রামের মৃত কেছদ্দি মামুদের ৩২ বিঘা সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তার দুই সন্তানের মধ্যে ১৯ বছর ধরে বিরোধ চলে আসছিল। ছেলে ইসরাইল ও মেয়ে কমলাভানের লোকজনের মধ্যে এ নিয়ে প্রায়ই ঝগড়া হয়। শনিবার সকাল ১১টার দিকে ইসরাইলের লোকজন লাঠিসোটা নিয়ে জমির দখল নিতে আসে। এতে দ'ুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
তিনি জানান, চারজন মহিলাসহ আহত ১৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- খালেক (১৮), মালেক (৩২), ইসমাইল (৩০), আব্দুল হক (৩২), জাবেদ (২২), জিয়া (৩৫), বদিউজ্জামান (৫৫), সাইফুল (৫০), কবির ( ১৬), আব্দুল আজিজ (৫৫), নূর হোসেন (৫০), মহতজান (৪৫), কমলা (৬০), জোসনা (৪০) ও কয়েদভান (৫০)।
আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি হুমায়ুন কবির জানান, সংঘর্ষের খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষ মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২৮ ঘ.
bdnews24