ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী আত্মহত্যা করেছেন।মোহাম্মদপুর থানা কোয়ার্টার থেকে শুক্রবার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত তানিজা ইসলাম (২৫) মতিঝিল থানায় উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম ভূইয়ার স্ত্রী।
তাদের ৬ বছরের এক মেয়ে ও আড়াই বছরের এক ছেলে রয়েছে।
পুুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে তানিজা আত্মহত্যা করেছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হাসান সাংবাদিকদের বলেন, "ভোর পৌনে ৪টায় মাহবুবুল জানান, পারিবারিক কলহের কারণে রাতের কোনও এক সময় ফ্যানের সঙ্গে ঝুলে তার স্ত্রী তানিজা আত্মহত্যা করেছেন।"
থানা কম্পাউন্ডে একটি কোয়ার্টারে মাহবুবুল সপরিবারে থাকতেন।
ওসি বলেন, "মাহবুব আমাদের জানিয়েছেন, বেশকিছুদিন ধরেই বিভিন্ন বিষয়ে তাদের কলহ চলছিল। কিছুদিন ধরে তারা আলাদা কক্ষেও বসবাস করতেন। প্রাথমিক তদন্ত ও পরিপার্শ্বিক অবস্থা দেখে তিনি (তানিজা) আত্মহত্যা করেছেন বলেই আমরা মনে করছি।"
"ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে", বলেন হাসান।
তানিজা ও মাহবুবুলের মেয়ে ফারিয়া জেফার আরশি সাংবাদিকদের জানায়, তার মা বাবার মধ্যে ঝগড়া হতো।
আরশি বলেছে, "বাবা প্রায়ই মাকে মারধর করত। বৃহস্পতিবার রাতেও বাবা-মার ঝগড়া হয়। এরপর আমি না খেয়েই ঘুমিয়ে পড়ি।
"রাতে ছোট ভাই মাশরিমের কান্না শুনে আমার ঘুম ভেঙে যায়। বিভিন্ন রুম ঘুরে বসার ঘরে মাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে বাবাকে ঘুম থেকে ডেকে তুলি। পরে বাবা সবাইকে ফোনে খবর দেয়।"
তানিজার বোন মুনমুন ইসলাম জানান, সাংসারের অশান্তির কথা প্রায়ই তানিজা তাকে বলতেন। কিন্তু তানিজা আত্মহত্যা করবেন, এমনটা তিনি বুঝতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৭০০ ঘ.
bdnews24