রাঙামাটি, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির বরকল উপজেলা থেকে বৃহস্পতিবার একটি বিডিআর ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে রাঙামাটিতে সাতটি সেনা ক্যাম্প, একটি বিডিআর ও একটি আনসার ক্যাম্প প্রত্যাহার করা হল।
এদিকে পার্বত্যাঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে লংগদু উপজেলায় রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডেকেছে বাঙালিদের সংগঠন পার্বত্য সমঅধিকার আন্দোলন ও বাঙালী ছাত্র পরিষদ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লংগদু উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সংগঠন দুটি যৌথ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বরকল উপজেলা প্রশাসন জানায়, বৃহস্পতিবার বরকল বিডিআর জোনের ২৬ রাইফেলস ব্যাটালিয়নের অধীন দেওয়ান চর বিডিআর ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। ক্যাম্পটিতে ৩৫ জন বিডিআর জওয়ান ছিলেন।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম তরিকুল আলমের কাছে ক্যাম্পের দলিল হস্তান্তর করা হয়েছে। এ সময় বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার দে, সদর উপজেলা ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা এবং দেওয়ানচর মৌজার হেডম্যান নিবারণ চাকমা উপস্থিত ছিলেন।
বরকলের ইউএনও তরিকুল আলম দেওয়ান চর বিডিআর ক্যাম্প প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ওই ক্যাম্পের কর্মকর্তা তার কাছে জায়গার দলিল হস্তান্তর করেছেন।
লংগদু উপজেলা পরিষদ মাঠে পার্বত্য সমঅধিকার আন্দোলন এবং বাঙালী ছাত্র পরিষদের যৌথ সমাবেশ বক্তারা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার বন্ধের দাবি জানান। তারা বলেন, বাঙালিদের জীবন বিপন্ন হলে তার দায়দায়িত্ব বতর্মান সরকারকেই নিতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন- লংগদুৃ উপজেলা চেয়ারম্যান তফাজ্জল হোসেন, বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলমগীর কবির, সহ-সভাপতি হারুনুর রশীদ, ভাসাইন্যাদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা মাস্টার, মাইনী বাজারের ব্যবসায়ী নেতা কালাম সওদাগর, ইউপি সদস্য খলিলুর রহমান খান, সমঅধিকার আন্দোলনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আহমদ মাস্টার, গাফফার চৌধুরী প্রমূখ।
এর আগে পার্বত্য রাঙামাটি থেকে প্রত্যাহার করা ক্যাম্পগুলো হল- গুনিয়া পাড়া, বড়াদম, হামিদ টিলা, দীঘলছড়ি, অমিতপাড়া, চিৎমরম ও লুলংছড়ি সেনা ক্যাম্প এবং সিতার ঘাট আনসার ক্যাম্প।
গত ২৯ জুলাই সরকার পার্বত্য তিন জেলা থেকে ৩৫টি অস্থায়ী সেনা ক্যাম্প এবং একটি ব্রিগেড প্রত্যাহারের ঘোষণা দেয়।
দুই দশকের বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের অংশ হিসেবে সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করা হচ্ছে। খাগড়াছড়ি জেলা থেকেও কয়েকটি ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24