২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক আটকের প্রতিবাদে হবিগঞ্জে অবরোধ

এক শ্রমিককে আটকের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরের প্রধান সড়কে এক ঘণ্টা অবরোধ করে বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 09:58 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

হবিগঞ্জে, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শ্রমিককে আটকের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরের প্রধান সড়কে এক ঘণ্টা অবরোধ করে বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো। দুপুর ২টায় ওই শ্রমিককে ছেড়ে দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। এর আগের এক ঘণ্টা অবরোধের পাশাপাশি জেলা থেকে কোনও বাসও ছেড়ে যায়নি। শ্রীমঙ্গলের বাস মালিকদের দায়ের করা একটি মামলায় হবিগঞ্জের বাসচালক মজিদ মিয়াকে আটক করায় ঘটনার সূত্রপাত হয়। হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, "মঙ্গলবার দিবাগত গভীর রাতে চাঁদার দাবিতে কে বা কারা শ্রীমঙ্গলের তিনটি বাস ভাংচুর করে। এ ঘটনায় থানায় মামলা হয়।" ওই মামলায় হবিগঞ্জ পুলিশ সকালে মজিদকে ধরে নিয়ে গেলে বাস মালিক-শ্রমিকরা রাস্তায় নেমে আসে। পরে পুলিশ মজিদকে ছেড়ে দিলে বেলা ২টায় অবরোধ তুলে নেওয়া হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাস ভাংচুরের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মজিদকে থানায় আনা হয়। তাকে গ্রেপ্তার করা হয়নি।" এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের যাত্রা বিলম্বিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১০ ঘ.