২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি থেকে আরও দুটি সেনা ক্যাম্প প্রত্যাহার

পার্বত্য রাঙামাটি থেকে বুধবার আরও দুটি সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে রাঙামাটিতে একটি আনসার ক্যাম্প এবং সাতটি সেনা ক্যাম্প প্রত্যহার করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 04:59 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

রাঙামাটি, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য রাঙামাটি থেকে বুধবার আরও দুটি সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে রাঙামাটিতে একটি আনসার ক্যাম্প এবং সাতটি সেনা ক্যাম্প প্রত্যহার করা হল। বুধবার প্রত্যাহার করা হয়েছে নানিয়ারচর উপজেলার নানিয়ারচর জোনের অধীন গুনিয়া পাড়া সেনা ক্যাম্প এবং সদর উপজেলার মগবান ইউনিয়নের আওলাদ বাজার এলাকার বড়াদম সেনা ক্যাম্প। গত ২৯ জুলাই সরকার পার্বত্য তিন জেলা থেকে ৩৫টি অস্থায়ী সেনা ক্যাম্প এবং একটি ব্রিগেড প্রত্যাহারের ঘোষণা দেয়। দুই দশকের বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের অংশ হিসেবে সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করা হচ্ছে। খাগড়াছড়ি জেলা থেকেও কয়েকটি ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী দুটি সেনা ক্যাম্প প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুটি সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়ার কথা তাকে (জেলা প্রশাসক) জানিয়েছেন। তিনি আরও জানান, রাঙামাটি জেলার আনসার ও সেনা ক্যাম্পসহ ২১ টি ক্যাম্প গুটিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে একটি তালিকা এসেছে। সে তালিকা সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ক্যাম্প প্রত্যাহার করা হলে যাতে বেদখল না হয় এবং এলাকায় আইন-শৃংখলা পরিস্থিতি যাতে বজায় থাকে সে জন্যও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানান। জেলা প্রশাসন জানিয়েছে, রাঙামাটি জেলা থেকে যে ২১টি ক্যাম্প প্রত্যাহার করা হবে তার মধ্যে সেনা ক্যাম্প রয়েছে ১২টি, বিডিআর ক্যাম্প ৩টি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্প ৪টি, আনসার-ভিডিপি ক্যাম্প ২টি। রাঙামাটি থেকে এ পর্যন্ত যেসব ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে সেগুলো হল- হামিদ টিলা, দীঘলছড়ি, অমিতপাড়া, চিৎমরম ও লুলংছড়ি সেনা ক্যাম্প এবং সিতার ঘাট আনসার ক্যাম্প। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৯ ঘ.