২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাডার সার্ভিস পারতপক্ষে উঠিয়ে দেওয়া উচিত: অর্থমন্ত্রী

সরকারি চাকরিতে 'ক্যাডার সার্ভিস' উঠিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নতুন করে তথ্য প্রযুক্তি বিষয়ক ক্যাডার সার্ভিস প্রবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়ে অর্থমন্ত্রী ওই মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 04:10 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে 'ক্যাডার সার্ভিস' উঠিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নতুন করে তথ্য প্রযুক্তি বিষয়ক ক্যাডার সার্ভিস প্রবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়ে অর্থমন্ত্রী ওই মন্তব্য করেন। মুহিত বুধবার সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে ইংরেজি দৈনিক অবজারভার আয়োজিত 'ডিজিটাল বাংলাদেশ' বিষয়ক এক গোলটেবিল আলোচনায় বক্তব্য দিচ্ছিলেন। আইটি (তথ্য প্রযুক্তি) খাতের প্রতিনিধিরা সরকারি চাকরিতে আইটি ক্যাডার অন্তর্ভূক্ত করার দাবি জানালে অর্থমন্ত্রী তা সরাসরি নাকচ করে দিয়ে বলেন, " আইটি ক্যাডার সৃষ্টির কোনো প্রয়োজন নেই। এটা করলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। আমার মনে হয়, আমাদের দেশ থেকে 'ক্যাডার সার্ভিস' উঠিয়ে দিলে ভালো হয়। এর পরিবর্তে বিষয়ভিত্তিক সার্ভিস ব্যবস্থা গড়ে তোলা উচিত।" মুহিত বলেন, দীর্ঘদিন চাকরির সুবাদে তিনি ক্যাডার নিয়ে নানাবিধ সমস্যার মুখোমুখি হয়েছেন। বর্তমানে সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েও উপলব্ধি করছেন 'ক্যাডার ম্যানেজ করা কি কঠিন।' এদিকে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তামাশা (ফার্স) হিসেবে অভিহিত করেন তিনি। তথ্যপ্রযুক্তি বিষয়কসহ সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে 'ফার্স' বিশ্ববিদ্যালয় আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, "আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ৮/১০টি বিষয় নিয়ে নিজেদের বিশ্ববিদ্যালয় হিসেবে দাবি করে। এটা এক ধরনের ফার্স। কিন্তু বিশ্ববিদ্যালয় মানেই তারা বোঝে না।" দেশের অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেই অতি উচ্চ ফি, সুযোগ সুবিধার অভাব ছাড়াও শিক্ষার মান নিয়ে অভিযোগ রয়েছে। প্রায় কারো নিজস্ব ক্যাম্পাস পর্যন্ত নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২২০৮ঘ.