নারায়ণগঞ্জ, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।
বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা শহরের চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক কমিটির নেতারা।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি রফিউর রাব্বি, পরিবেশবাদী সংগঠন নির্ভীকের সমন্বয়ককারী এটিএম কামাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা দুলাল সাহা, নজরুল ইসলাম মিন্টু, মহিলা নেত্রী সাহারা বেগম, মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী দাস গুপ্ত প্রমুখ।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট চলছে। শহরের দেওভোগ, বাবুরাইল, পাইকপাড়া, ভুঁইয়ার বাগ, ভোলাইল, কাশিপুর, মাসদাইর, গাবতলী, নিতাইগঞ্জসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ গ্যাস সংকট রয়েছে। কোনো কোনো এলাকায় ভোর পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস থাকে না। গ্যাস সংকটের কারণে ওই সব এলাকার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তারা অভিযোগ করেন, গ্যাস সমস্যা সমাধানের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বার বার অবহিত করা হলেও সমস্যা সমাধানে তারা কোন ব্যবস্থা নেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.
bdnews24