ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশী ৫৫ হাজার শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস আবারও দিয়েছে মালয়েশিয়া।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বুধবার ঢাকায় মালয়েশিয়ার রাষ্ট্রদূত জামালউদ্দিন বিন সাবেহ'র বৈঠকে এ আশ্বাস মেলে।
মালয়েশীয় দূত জানিয়েছেন, চলমান মন্দা কেটে গেলেই এ বিষয়ে পদক্ষেপ নেবেন তারা।
জামালউদ্দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে দীপু মনির সঙ্গে দেখা করেন। বৈঠকের পর দুজনের কেউই সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।
তবে পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস সাংবাদিকদের বলেন, "রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন, মালয়েশিয়া অর্থনৈতিক সঙ্কট থেকে বেরিয়ে এলেই যত তাড়াতাড়ি সম্ভব এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।"
এর আগে মিসরে ন্যাম সস্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব বিন তুন আবদুর রাজ্জাক।
এরপর গত ২৩ জুলাই থাইল্যান্ডে আসিয়ান বৈঠকে মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী দাতুক আনিফাহ আমান দীপু মনিকে জানান, তারা সরকার বাংলাদেশী শ্রমিকদের ভিসার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখছে।
গত ১০ মার্চ বাংলাদেশের লেবার কাউন্সেলর তালাদ মাহমুদের দেওয়া 'রাজনৈতিক স্পর্শকাতর' বক্তব্যের পর ৫৫ হাজার বাংলাদেশী শ্রমিকের ভিসা বাতিল করে মালয়েশিয়া। ফলে তাদের বিদেশে যাওয়া আটকে যায়।
মালয়েশিয়ার এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে তালাত বলেন, অর্থনৈতিক মন্দার মন্দার প্রভাব বাংলাদেশে তেমন পড়েনি। মালয়েশিয়ায় সঙ্কট চললেও আরও ৭০ হাজার বাংলাদেশী চাকরি নিয়ে বিদেশে গেছেন।
এরপর মালয়েশিয়া কয়েক হাজার বাংলাদেশী শ্রমিককে শূন্য হাতে দেশে ফেরত পাঠায়।
পরে তালাত মাহমুদকেও প্রত্যাহার করা হয়।
গত এপ্রিল মাসে দীপু মনি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য মালয়েশিয়া সফর করেন।
বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৫ লাখ বাংলাদেশী রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24