ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বুধবার ভোরে মাঝারি মাত্রার ভূকম্পন হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, লালমনিরহাট, সিলেটসহ আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়। তবে এতে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
একদিন আগেই ভারত মহাসাগরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়।
ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টা ৪৩ মিনিট ৪৫ সেকেন্ডে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৩।
তিনি বলেন, "ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকায়। ঢাকা থেকে এর দূরত্ব ৪১৬ কিলোমিটার পূর্বে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধিরা জানান, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১০৩ ঘ.
bdnews24