২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে স্বর্ণের দোকানে গুলি করে স্বর্ণ ও টাকা লুট

রাজধানীর রায়েরবাজারে সোমবার সন্ধ্যায় স্বর্ণের দোকানে ঢুকে কর্মচারিকে গুলি করে স্বর্ণ ও টাকা লুট করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রায়েরবাজারে সোমবার সন্ধ্যায় স্বর্ণের দোকানে ঢুকে কর্মচারিকে গুলি করে স্বর্ণ ও টাকা লুট করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় বুকে গুলিবিদ্ধ দোকানের কর্মচারী উৎপল মজুমদারকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি করে পালানোর সময় বিদেশী পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে র‌্যাব। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধা সাড়ে সাতটার দিকে রায়েরবাজারের শেরেবাংলা রোডের সুভাষ জুয়েলারিতে তিন সন্ত্রাসী ঢুকে পড়ে। এদের মধ্যে একজনকে বাইরে পাহাড়ায় রেখে অন্য দুজন ভেতরে ঢুকে কর্মচারী উৎপলকে গুলি করে। তারা দোকান থেকে প্রায় দেড় ভরি স্বর্ণ ও ১৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় এলাকাবাসী ও পুলিশ তাদের ধাওয়া করে। পরে ডায়মন্ড (২০) নামে এক সন্ত্রাসীকে আটক করে র‌্যাবের একটি টহল দল। ওসি আব্দুর রাজ্জাক জানান, ডায়মন্ডের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/২২১০ ঘ.