ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির মাধ্যমে রিট আবেদন করার অভিযোগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে কেন প্রতারণার মামলা হবে না, সোমবার তা জানতে চেয়েছে হাইকোর্ট।
এদিকে দুর্নীতির একটি মামলায় কোকোকে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
মানি লন্ডারিং মামলায় হাইকোর্ট কোকোর পাশাপাশি তার দুই আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও মো. তাহেরুল ইসলামের বিরুদ্ধে কেন জালিয়াতির অভিযোগ তদন্ত করা হবে না, তার কারণও জানতে চেয়েছে।
অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হবে না, আদালত তাও জানতে চেয়েছে।
কারণ জানাতে ওই তিনজনকে ৩ সপ্তাহ সময় দিয়েছে আদালত।
মানি লন্ডারিং মামলার বৈধতা চ্যালেঞ্জ করে কোকোর দায়ের করা রিট আবেদনের শুনানির ওপরও স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
অন্যদিকে কোকোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলা স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল অনুমতির আবেদন সোমবার খারিজ করে দেয় আপিল বিভগের বিচারপতি ফজলুল করিমের নেতৃত্বাধীন বেঞ্চ।
কোকো তার বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জালিয়াতির মাধ্যমে রিট আবেদন করেছেন- এ অভিযোগ এনে গত মঙ্গলবার সরকার পক্ষ বিষয়টি তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আবেদন জানায়।
সরকারের ওই আবেদন একটি বিবিধ মামলা হিসেবে নথিভুক্ত করেছে আদালত।
আদেশের পর অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "আদালতকে ভুল বুঝিয়ে জাল কাগজ দিয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে রুল জারি করেছে।"
তিনি আরও বলেন, "কোকো ও তার দুই আইনজীবীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ কেন তদন্ত হবে না এবং অভিযোগ প্রমাণ হলে কেন মামলা করা হবে না, তার কারণও জানতে চাওয়া হয়েছে"।
কোকোর আইনজীবী মাহবুবউদ্দিন বলেন, "অনুমতিপত্র (আম মোক্তারনামা) জাল কিনা তা কেন তদন্ত করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছে।"
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, "আদালত সরকারের আবেদনের বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোকোর রিট আবেদনের শুনানি স্থগিত করে দিয়েছেন। পাশাপাশি কোকোসহ তিন জনের বিরুদ্ধে রুল নিশিও জারি করা হয়েছে।"
এর আগে সকালে শুনানিতে অ্যাটর্নি জেনারেল থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সৈয়দ গোলাম জাহিদের পাঠানো একটি ফ্যাক্স বার্তা আদালতে তুলে ধরে বলেন, "আম মোক্তারনামাটি নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়ন করা হয়নি। এতে ব্যাংককের একটি বেসরকারি আইনি প্রতিষ্ঠানের এক আইনজীবীর স্বাক্ষর রয়েছে। ওই আইনজীবী তা গত ৩ এপ্রিল স্বাক্ষর করেছেন।"
মাহবুবে আলম শুনানিতে আরও বলেন, "ব্যারিস্টার খোকন ব্যাংককে গিয়েছিলেন ২৭ জানুয়ারি। তিনি এর পরদিন আম মোক্তারনামায় স্বাক্ষর করেন। অথচ মামলা হয়েছে ১৭ মার্চ। মামলা দায়েরের আগে কিভাবে কোকো এর বৈধতা চ্যালেঞ্জ করার জন্য আম মোক্তারনামা দেয়। এতে কি প্রমাণিত হয় না যে আম মোক্তারনামাটি বানানো ও জাল।"
তিনি বলেন, "বিদেশে অস্থানরত বাংলাদেশী কোনও নাগরিকের কোনও দলিল সে দেশের দূতাবাসের মাধ্যমে সত্যায়িত করে পাঠাতে হয়, এক্ষেত্রে সে পদ্ধতি অনুসরণ করা হয়নি।
কোকো বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।
২ আগস্ট কোকোর পক্ষে পাওয়ার অব অ্যাটর্নি (আম মোক্তার) তাহেরুল হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। রিট আবেদনে ওই মামলাটি অবৈধ ও বাতিল ঘোষণার আবেদন করা হয়।
গত ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু সাঈদ কাফরুল থানায় কোকোর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24