ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীরা দেশের আইন-শৃঙ্খলার ক্ষেত্রে মারাত্মক হুমকিস্বরূপ।
এরা অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর আঞ্চলিক প্রতিনিধি রেমন্ড হল রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীপু মনির সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমারকে অব্যশই তার অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে বলে তারা একমত পোষণ করেন।
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি বিবেচনা করে মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেবে বলেও পররাষ্ট্র মন্ত্রী আশা প্রকাশ করেন।
দীপু মনি ইউএনএইচসিআর প্রতিনিধিকে বলেন, বর্তমানে দুটি ক্যাম্পে ২ হাজার ৮০০ জন নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর বাইরে আরও প্রায় চার লাখ অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বাস করছে। এসব রোহিঙ্গা শরণার্থী অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে বাংলাদেশের জন্য বোঝা। এরা দেশের আইন-শৃঙ্খলার ক্ষেত্রে মারাত্বক হুমকিস্বরূপ।
পররাষ্ট্র মন্ত্রী ইউএনএইচসিআর প্রতিনিধিকে আরও বলেন, মায়ানমার থেকে প্রতিনিয়ত অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশ চলতে থাকায় দেশের সীমিত ভূমিসম্পদের ক্ষতিসাধন এবং বন উজারসহ অন্যান্য সম্পদের ব্যপক ক্ষতি হচ্ছে। এছাড়া কক্সবাজার জেলার বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত অবৈধ কার্যক্রমের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীরা জড়িয়ে পড়ায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কিন্তু এতকিছুর পরও গত তিন দশক ধরে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের মৌলিক চাহিদা পূরণ করে যাচ্ছে।
তার মিয়ানমার সফরের পর থেকে রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, দুদেশ যেভাবে কাজ করে যাচ্ছে তাতে অবশিষ্ট রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসন অচিরেই সম্ভব।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের অবশিষ্ট শরণার্থীদের দ্রুত স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে ইউএনএইচসিআর এর সর্বোচ্চ সহযোগিতা চান দীপু মনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২৩৫৬ঘ.
bdnews24