২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যের চাহিদা থাকলে দাম বাড়বে, তা ঠিক নয়: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য মন্ত্রী ফারুক খান বলেছেন, চাহিদা বাড়লে পণ্যের দাম বাড়ার কথা যারা বলেন তারা সৎ ব্যবসায়ী নন। রোববার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে খাতুনগঞ্জের ব্যবসায়ী ও চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 04:58 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

চট্টগ্রাম, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য মন্ত্রী ফারুক খান বলেছেন, চাহিদা বাড়লে পণ্যের দাম বাড়ার কথা যারা বলেন তারা সৎ ব্যবসায়ী নন। রোববার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে খাতুনগঞ্জের ব্যবসায়ী ও চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় চট্টগ্রামের আমদানিকারকরা বলেন, পণ্যের চাহিদা থাকলে দাম বাড়বে। এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বাণিজ্য মন্ত্রী বলেন, আসন্ন রমজানে প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। পর্যাপ্ত পণ্য মজুদ থাকলে দাম বাড়ার কোনো কারণ নেই। সংযমের মাস রমজানে তিনি ব্যবসায়ীদের কম মুনাফা করার পরামর্শ দেন। বাজার নিয়ন্ত্রণ করে দাম কমানো যাবে না উল্লেখ করে সভায় ব্যবসায়ীরা বলেন, রমজানে দাম স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পণ্য আমদানির ওপর শুল্ক প্রত্যাহার এবং টিসিবিকে সক্রিয় করতে হবে। বৈঠক শেষে ফারুক খান সাংবাদিকদের বলেন, সোমবার থেকে সারাদেশের পাইকারি ও খুচরা দোকানে পণ্য তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এ মূল্য তালিকা তদারক করবে। সরকারের পক্ষ থেকে প্রতিদিন পণ্য আমাদনি-রপ্তানি মনিটরিং করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, যৌক্তিক কারণ ছাড়া পণ্যের দাম বাড়ানো হলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, "পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় দাম বাড়ার কোনো কারণ দেখি না।" তবে পাইকারি ও খুচরা পর্যায়ে দামের পার্থক্য বেশি থাকার বিষয়টি তিনি স্বীকার করে বলেন, পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য ২ থেকে ৩ টাকা হওয়া উচিত। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, চেমন আরা তৈয়ব, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম, ব্যবসায়ী আবুল বশর চৌধুরী, এনামুল হক, নূর মোহাম্মদ, তারিক আহমেদ, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে দুপুরে বাণিজ্য মন্ত্রী নগরীর বাকলিয়ায় নুরুল ইসলাম বিএসসি টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/২৩০০ ঘ.